রিকশা নিয়ে বেরিয়েছিলেন, ট্রাকের চাপায় প্রাণ হারালেন

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রিকশা নিয়ে বেরিয়ে বেপরোয়া গতির ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন ব্যাটারিচালিত রিকশার চালক আমজাদ হোসেন (৬০)। আজ শুক্রবার ভোরে রাজধানীর আজিমপুরে তিনি দুর্ঘটনার শিকার হন।

আমজাদ হোসেন সপরিবার রাজধানীর ফার্মগেট–সংলগ্ন তেজকুনিপাড়ায় থাকতেন।

আমজাদ হোসেনের ছেলে সাকিব হোসেন আজ সকালে প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে তিনি বাসা থেকে রিকশা নিয়ে বের হন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে আজিমপুর এতিমখানা এলাকা থেকে পুলিশ তাঁকে ফোন করে তাঁর বাবার দুর্ঘটনার কথা জানান। এরপর দ্রুত তিনি আজিমপুর এতিমখানার কাছে গিয়ে দেখতে পান তাঁর বাবা (আমজাদ হোসেন) রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। কর্তব্যরত পুলিশ তাঁকে জানিয়েছেন, ভোরে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তাঁর বাবা রাস্তায় পড়ে যান। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাঁর বাবাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে পুলিশের সহযোগিতায় বাবাকে উদ্ধার করে আজ সকাল পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান সাকিব। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেনকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক। তিনি প্রথম আলোকে বলেন, মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানায় জানানো হয়েছে। আমজাদ হোসেনের বাড়ি ঢাকা জেলার দোহার থানার জৈনকি গ্রামে। তিনি দুই ছেলের বাবা।