ঢাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজধানীর শাহ আলী থানা এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৩২ বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে সুমন নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, বুধবার বিকেলে শাহ আলী থানার রয়েল সিটি পকেট গেটসংলগ্ন এলাকায় শিশুটি ধর্ষণের শিকার হয়। মা তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
পুলিশ জানায়, শিশুটির মা এলাকার বাসিন্দা সুমনের বিরুদ্ধে শাহ আলী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে রাতে অভিযান চালিয়ে সুমনকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।