অকেজো হয়ে আছে মিটফোর্ড হাসপাতালের তিন হিমাগার
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে মৃতদেহ সংরক্ষণের জন্য দুটি হিমাগার থাকলেও তা ব্যবহার করা হয় না। দীর্ঘদিন অব্যবহূত থাকায় এগুলো অকেজো হয়ে পড়েছে। এখন কেউ মারা গেলে মৃতদেহ ওয়ার্ডেই পড়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। মিটফোর্ড হাসপাতালটি ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই এ হাসপাতালে কোনো লাশঘর ছিল না। পরে জরুরি বিভাগের পাশের একটি কক্ষ অস্থায়ীভাবে লাশঘর হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু কয়েক মাস যেতে না যেতে সেটিও বন্ধ হয়ে যায়।গত ২৩ আগস্ট রাত ১০টার দিকে কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার গৃহবধূ জাহানারা বেগম গলায় ফাঁস নেন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মর্গের দায়িত্বে থাকা কর্মচারী সুমন লালকে মৃতদেহটি বুঝিয়ে দেন। এরপর সারা রাত মৃতদেহটি মর্গের মেঝেতেই পড়ে ছিল। পরের দিন মৃতদেহের ময়নাতদন্ত হয়। ততক্ষণে এতে পচন ধরে যায়। শুধু জাহানারা বেগমই নন, এ রকম অনেক মৃতদেহ হাসপাতালের হিমাগারে না রেখে মর্গে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এতে মর্গের দায়িত্বে থাকা কর্মচারীরা মৃতদেহ নিয়ে সমস্যায় পড়েন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের আশপাশের কেউ মারা গেলে মৃতদেহ সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৪টি মৃতদেহ সংরক্ষণের জন্য কেন্দ্রীয় ওষুধাগারের পক্ষ থেকে ২০০৭ ও ২০০৮ সালে মিটফোর্ড হাসপাতালে তিনটি হিমাগার স্থাপন করা হয়। এর মধ্যে একটি সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে ও অন্য দুটি (ছয়টি করে লাশ রাখা যায়) মিটফোর্ড হাসপাতালে স্থাপন করা হয়। বর্তমানে তিনটি হিমাগারই অকেজো। জানা গেছে, হিমাগার মেরামতের বিষয়টি পাঁচ মাস আগে জাতীয় ইলেকট্রো মেডিকেল যন্ত্রপাতি মেরামতকারী প্রতিষ্ঠানকে (নিমিউ) লিখিতভাবে জানানো হয়। সেখান থেকে একটি প্রতিনিধিদলও যন্ত্র তিনটি পরীক্ষা-নিরীক্ষা করে এর সমস্যা নিরূপণ করে। এর মধ্যে কলেজের হিমাগারটি মেরামত করার পরপরই নষ্ট হয়ে যায়। নিমিউয়ের প্রধান কারিগরি ব্যবস্থাপক আবু বক্কর প্রথম আলোকে জানান, তীব্র দুর্গন্ধের কারণে সংশ্লিষ্ট কারিগরেরা কাজ করতে অনীহা প্রকাশ করেন। এ কারণে বাইরে থেকে কারিগর এনে কাজ করানো হয়। তিনি অভিযোগ করেন, সরকারি সম্পত্তি হওয়ায় প্রতিষ্ঠানগুলোর যন্ত্রপাতি ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না। এতে করে অল্প দিনেই এগুলো নষ্ট হয়ে যায়। হাসপাতালের একজন সেবিকা জানান, ওয়ার্ডে কোনো রোগী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মৃতদেহটি সরিয়ে নেওয়ার কথা। কিন্তু লাশঘর না থাকায় স্বজনেরা মৃতদেহটি ওয়ার্ডেই ফেলে রাখেন। এ ছাড়া হাসপাতালে কেউ মারা গেলে তার মৃতদেহ নেওয়ার জন্য গাড়িভাড়া ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতেও কয়েক ঘণ্টা লেগে যায়। অনেকে ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়ার জন্য আদালতের অনুমতি নিতে মৃতদেহটি ওয়ার্ডেই রেখে যান। চোখের সামনে মৃতদেহ দেখে রোগী ও দর্শনার্থীরা অস্বস্তি বোধ করেন। মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবদুর রউফ কবিরাজ প্রথম আলোকে বলেন, আগে একটি লাশঘর ছিল। এখন সেখানে ওয়ার্ড মাস্টারদের মালামাল রাখা হচ্ছে। মৃতদেহ চার-পাঁচ ঘণ্টা ওয়ার্ডে পড়ে থাকে বলেও তিনি জানান। ওয়ার্ড মাস্টার বলেন, হিমাগার নষ্ট থাকায় মৃতদেহ সংরক্ষণ করা যাচ্ছে না। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক তেজেন্দ্র চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, কেউ মারা গেলে মৃতদেহ কিছু সময় হাসপাতাল কর্তৃপক্ষ সংরক্ষণ করবে, এটাই নিয়ম। কিন্তু ওয়ার্ড মাস্টারের গাফিলতির কারণে মৃতদেহ হিমঘরে রাখা হয় না। তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন ছাড়া লাশ নেওয়া হলে তাতে লাশের কোনো ধরনের ক্ষতি হলে এর দায়িত্ব মর্গ বহন করবে না। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল প্রথম আলোকে বলেন, হিমাগার তিনটি মেরামত করার জন্য নিমিউকে বলা হয়েছে। সেখান থেকে লোকজন এসে সমস্যা চিহ্নিত করেছেন। কিছু দিনের মধ্যে সেটা মেরামত করা হবে।