ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ‘অক্ষয় কুমার সেন শর্মা’ স্মৃতি স্বর্ণপদক প্রবর্তন করা হয়েছে। প্রতিবছর এ বিভাগের এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভকারী একজন শিক্ষার্থীকে এ পদক দেওয়া হবে।স্বর্ণপদক তহবিল গঠনের জন্য অধ্যাপক অক্ষয় কুমার সেন শর্মার নিকটাত্মীয় অধ্যাপক পবিত্র সেন গুপ্ত গতকাল রোববার পাঁচ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমানের কাছে হস্তান্তর করেন। এ সময় অধ্যাপক পবিত্র সেন গুপ্ত এবং তাঁর স্ত্রী মিসেস সেন গুপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দুর্লভ বইসহ কিছু উপহারসামগ্রী উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের হাতে তুলে দেন।প্রসঙ্গত, অধ্যাপক অক্ষয় কুমার সেন শর্মা ১৯১৭ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে বিএ অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং একই বিভাগ থেকে ১৯৪১ সালে প্রথম শ্রেণীতে এমএ পাস করেন। কর্মজীবনে তিনি ঢাকা কলেজ, দার্জিলিং সরকারি কলেজ, বারাসাত সরকারি কলেজ, কৃষ্ণনগর সরকারি কলেজ ও প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেন।