অগ্নি প্রতিরোধব্যবস্থা নিয়ে আদালতের প্রথম অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণ শেষে ফায়ার সার্ভিসের ছাড়পত্র না নিয়ে বহুতল ভবনে বসবাস শুরু করায় রাজধানীর শান্তিনগরের আইডিয়াল পয়েন্টের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইনে দেশে প্রথমবারের মতো গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত এ ধরনের অভিযান চালান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লাইসেন্স না নিয়ে কারখানা চালু এবং ছাড়পত্রবিহীন বহুতল আবাসিক ভবনে বসবাস করার অপরাধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।উল্লেখ্য, বহুতল ভবন নির্মাণের আগে জাতীয় বিল্ডিং কোড অনুযায়ী ভবনের নকশা ফায়ার সার্ভিস অধিদপ্তরে জমা দিয়ে নির্মাণের ছাড়পত্র নিতে হয়। ভবন নির্মাণ শেষে বসবাসের আগে অগ্নি নির্বাপণব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়েছে কি না, সে সংক্রান্ত আরও একটি ছাড়পত্র নিতে হয়।গতকাল দুপুর সোয়া দুইটার দিকে আদালত রাজধানীর ১৫৭ শান্তিনগরে অবস্থিত আইডিয়াল পয়েন্ট নামের ১৬তলা ভবনে অভিযান চালান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লাইসেন্স না নিয়ে এখানে লোকজন বাস করে এবং এখানকার অগ্নি নির্বাপণযন্ত্রও ছিল মেয়াদোত্তীর্ণ। ওই ভবনের মালিক জামাল হায়দারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানার টাকা সঙ্গে সঙ্গেই পরিশোধ করা হয়।গতকাল দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর আদাবর এলাকার ২১৭/৮, বেড়িবাঁধ প্রধান সড়কে অবস্থিত সান পাওয়ার সোয়েটার নামের প্রতিষ্ঠানে অভিযান চালান। প্রতিষ্ঠানটির মালিক গোলাম মর্তুজাও লাইসেন্স না নিয়েই কারখানা চালু করেছেন। তিনতলা ভবনের নিচতলা ও দোতলায় অগ্নি নির্বাপণযন্ত্র থাকলেও সেগুলো ছিল মেয়াদবিহীন। গোলাম মর্তুজা আদালতকে বলেন, ফায়ার সার্ভিসের লাইসেন্সের জন্য তাঁরা কয়েক দফা দমকল অফিসে গিয়েছিলেন। কিন্তু লাইসেন্স নেওয়া হয়নি। কেন লাইসেন্স নেওয়া হয়নি—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি নিজের ভুল স্বীকার করেন।আদালত গোলাম মর্তুজাকে অগ্নি প্রতিরোধ ও নির্বাপক আইন ২০০৩-এর ১৭ ধারা অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে প্রদানে ব্যর্থ হওয়ায় তাঁকে সঙ্গে নিয়ে আদালত শান্তিনগর এলাকায় অপর একটি অভিযানে যান। পরে জরিমানার টাকা দিয়ে তিনি মুক্ত হন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আবদুর রশিদ বলেন, সোয়েটার কারখানার মালিক লাইসেন্স না নিয়ে কারখানা চালু করেছেন। ভবনের কোনো ছাদ নেই। অগ্নিকাণ্ডের সময় জরুরি অবতরণের কোনো ব্যবস্থাও রাখা হয়নি। বিষয়টি মালিককে লিখিতভাবে জানানোর পরও কোনো সাড়া পাওয়া যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে সহায়তা করে ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ একটি দল, র‌্যাব-২ ও মহানগর দাঙ্গা পলিশের একটি দল।