বর্তমানে অনেক ক্ষেত্রেই ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলছেন। গত দুই বছরের পরিসংখ্যানে দেখা গেছে, প্রায় ৪০ ভাগ অগ্নিকাণ্ড স্থানীয় লোকজনই প্রতিরোধ করেছেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃপক্ষ গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য উল্লেখ করেছে। তারা বলছে, অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন প্রশিক্ষণের কারণে এমনটা সম্ভব হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে আরও ব্যাপকভাবে অব্যাহত থাকবে। জনসচেতনতা বৃদ্ধিতে নেওয়া হবে আরও বিভিন্ন কার্যক্রম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১২ শুরু হওয়ার প্রাক্কালে মিরপুরে নিজস্ব ট্রেনিং কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ। আজ রোববার থেকে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস সপ্তাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এর উদ্বোধন করবেন। অগ্নি দুর্ঘটনার ঝুঁকি ও বিপদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন উদ্দেশ্যেই এমন আয়োজন বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। গতকাল বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদউল্লাহ। লিখিত বক্তব্যে বলা হয়, ২০১১ সালে সারা দেশে সংঘটিত ১৫ হাজার ৮১৫টি অগ্নি-দুর্ঘটনা মোকাবিলা করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত এর সংখ্যা ১৪ হাজার ৯৪২টি। ২০১১ সালে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৯৩ কোটি টাকা এবং উদ্ধার হওয়ার সম্পদের মূল্য প্রায় এক হাজার ৩৩ কোটি টাকা। অধিকাংশ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বৈদ্যুতিক গোলযোগ থেকে। এ ছাড়া চুলা ও বিড়ি-সিগারেটের জ্বলন্ত অবশিষ্টাংশও অগ্নিকাণ্ডের অন্যতম প্রধান কারণ। লিখিত বক্তব্যে বলা হয়, অগ্নি নির্বাপনের পাশাপাশি এ বিভাগের কর্মীরা ২০১১ সালে সংঘটিত চার হাজার ৮৬০টি দুর্ঘটনায় অংশ নিয়ে পাঁচ হাজার ৮১৪ জনকে উদ্ধার করেছেন। ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে চার হাজার ৯৩৪টি এবং উদ্ধার হয়েছেন পাঁচ হাজার ১৯৫ জন। ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কার্যক্রমের ব্যাপারে লিখিত বক্তব্যে বলা হয়, অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য ফায়ার সার্ভিস বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন বিদ্যালয়, কলেজ, সরকারি-বেসরকারি সংস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরই মধ্যে ১৩ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা ও চট্টগ্রামে ৫৪০ জন বস্তিবাসীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।লিখিত বক্তব্যে বলা হয়, সারা দেশে বর্তমানে ২৫৪টি ফায়ার স্টেশন চালু আছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপনের লক্ষ্যে গৃহীত ১৫৬টি প্রকল্প সম্প্রতি একনেকে অনুমোদিত হয়েছে। সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে আধুনিক সাজসরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে মেধাবী তরুণ কর্মকর্তাদের দেওয়া হচ্ছে বৈদেশিক প্রশিক্ষণ। আরও বলা হয়, অধিদপ্তরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ২০ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিট হাসপাতাল নির্মাণ ও বর্তমান ট্রেনিং কমপ্লেক্সকে পূর্ণাঙ্গ ট্রেনিং একাডেমিতে রূপান্তর করা। সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।