অগ্নিকাণ্ড রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও পরিকল্পিত নগরায়নের দাবি জানিয়েছে এসব সংগঠন। নিহত ব্যক্তিদের স্মরণে দুই দিনের দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। আজ রোববার বাদ আসর পল্টন ময়দানে শোক ও দোয়া মাহফিল এবং কাল সোমবার সারা দেশে জেলা ও বিভাগীয় শহরে দোয়া মাহফিলের আয়োজন করবে দলটি। গতকাল শনিবার আলাদাভাবে আওয়ামী যুবলীগ, কৃষক লীগ, আওয়ামী ওলামা লীগ, খেলাফত মজলিস দোয়া মাহফিলের আয়োজন করে। চলচ্চিত্র প্রযোজক সমিতিতে শোকসভা আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। সভায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে জনসচেতনতা গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।আজ রোববার শিল্পী, পরিচালক ও প্রযোজকেরা ওই ঘটনায় আহতদের জন্য প্রয়োজনীয় ওষুধ নিয়ে ঢাকা মেডিকেল কলেজে যাবেন। প্রয়োজনে তাঁরা অর্থ সহায়তা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।নিমতলীর মতো ঘটনা রোধ করতে পরিকল্পিত নগরায়ন ও আবাসিক এলাকার চরিত্র অক্ষুণ্ন রাখার দাবিতে গতকাল নাগরিক সমাবেশ ও মৌন পদযাত্রা করে পল্লীমা সংসদ। মিলেনিয়াম হিউম্যান রাইটস অ্যান্ড জার্নালিস্ট ফাউন্ডেশন দুর্ঘটনাস্থলে শুকনা খাবার বিতরণ করে। এ ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইফ মো. আবদুশ শহীদ। বাংলাদেশ মহিলা পরিষদ ওই ঘটনায় শোক প্রকাশ করে বলেছে, আগুনের লেলিহান শিখা যেন আর কোনো প্রাণ কেড়ে নিতে না পারে সে জন্য সতর্কতা, সচেতনতা ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। পরিষদ অগ্নিনির্বাপক ব্যবস্থা আরও আধুনিক ও জোরদার করার দাবি জানায়।সম্মিলিত নারীসমাজ শোক জানিয়ে বলেছে, নিমতলীর ঘটনায় বোঝা যায়, আমরা কত পরিকল্পনাহীন নগরে বাস করছি। সংগঠনটির পক্ষ থেকে জনজীবনের নিরাপত্তা ও চিকিৎসার সুযোগসুবিধা বাড়ানোর দাবি জানানো হয়।ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন, আধূনিক, এডাব, বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান পরিষদ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বাংলাদেশ মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সংগঠন ওই ঘটনায় শোক প্রকাশ করেছে।