অগ্নিকাণ্ডে আড়াই হাজার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
রাজধানীর সোনারগাঁও ক্রসিংসংলগ্ন একটি বিজ্ঞাপনী সংস্থার বিলবোর্ডে গতকাল শনিবার আগুন লেগে আশপাশের ইন্টারনেট ও ডিস সংযোগের তার পুড়ে গেছে। এতে প্রায় ২০টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) ইন্টারনেট সরবরাহ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে তিন শতাধিক করপোরেট অফিস এবং আড়াই হাজার সাধারণ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।সংযোগ পুনঃ স্থাপনে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বেলা ১২টার দিকে সোনারগাঁও ক্রসিংয়ের পশ্চিমে প্রধান সড়কের পাশে বিজ্ঞাপনী সংস্থার একটি বিলবোর্ডে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের বৈদ্যুতিক খুঁটিতে ছড়িয়ে পড়ে। এতে বিলবোর্ড ও পাশের বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে থাকা ইন্টারনেট ও ডিস সংযোগের তার পুড়ে যায়। আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। ভুক্তভোগীরা জানান, ইন্টারনেট সরবরাহের তার পুড়ে যাওয়ায় কারওয়ানবাজার, পান্থপথ, কাঁঠালবাগান, গ্রিনরোড, সেন্ট্রাল রোড, হাতিরপুল ও কলাবাগান এলাকা এখন ব্রডব্র্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত একটি আইএসপি কোম্পানি বিডিকমের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ প্রথম আলোকে বলেন, তার মেরামত করে পর্যায়ক্রমে সব ক্রেতার কাছে ইন্টারনেট সংযোগ পুনরায় স্থাপনে কমপক্ষে ২৪ ঘণ্টা সময় লাগবে।