অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুগদা এলাকায় অগ্নিদগ্ধ গৃহবধূ রেশমা আক্তার (৩৫) গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। পরিবারের অভিযোগ, রেশমাকে গায়ে আগুন দিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশ অগ্নিদগ্ধ অবস্থায় রেশমাকে হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়। সেখানে গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সুমি আক্তার সাংবাদিকদের জানায়, তারা মুগদা থানার মান্ডার এক বাসায় থাকে। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চিৎকার-চেঁচামেচিতে তার ঘুম ভাঙে। জেগে দেখে, তার মা রেশমার শরীর দাউ দাউ করে আগুনে জ্বলছে। আর তার বাবা দুলাল হাওলাদার তা নেভানোর চেষ্টা করছেন। খবর দেওয়া হলে পুলিশ এসে তার মাকে হাসপাতালে নিয়ে যায়। তবে কীভাবে মায়ের শরীরে আগুন লেগেছে, তা সে দেখেনি। রেশমার ভাই আবদুল বারী অভিযোগ করে প্রথম আলোকে জানান, পারিবারিক কলহের জেরে দুলালই রেশমার শরীরে আগুন লাগিয়েছেন। ছয় মাস আগে দুলাল আরেক নারীকে বিয়ে করেন। এ নিয়ে দুলাল ও রেশমার মধ্যে ঝগড়া ও কথা-কাটাকাটি লেগে থাকত। বারী দাবি করেন, মৃত্যুর আগে রেশমা তাঁকে জানিয়েছেন, দুলালই তাঁর শরীরে আগুন দিয়েছেন। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুদ্দৌলা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামীর অন্য নারীকে বিয়ে করাকে কেন্দ্র করে রেশমা ও দুলালের দাম্পত্য জীবনে কলহ লেগেছিল। তবে দুলাল পুলিশকে জানিয়েছেন, গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে রেশমা আত্মহত্যা করেছেন। আগুন নেভাতে গিয়ে দুলালের শরীরেরও কিছু অংশ পুড়ে গেছে। জানতে চাইলে গতকাল রাত আটটায় এসআই সিরাজুদ্দৌলা বলেন, রেশমার পরিবার থানায় আসছে। তারা কোনো অভিযোগ করলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পুলিশ জানায়, রেশমার স্বামী দুলাল হাসপাতালে চিকিৎসাধীন। তবে হাসপাতাল সূত্র জানিয়েছে, সোমবার রাতে চিকিৎসা নেওয়ার পর দুলাল হাসপাতাল ত্যাগ করেন। তাঁর কোনো মুঠোফোন নম্বর পাওয়া না যাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।