অগ্নিপ্রতিরোধ আইনে চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক বহুতল ভবন ও কারখানা নির্মাণের সময় অগ্নিনির্বাপণব্যবস্থা রাখার বিধান যথাযথভাবে পালন করা হয়নি। নেওয়া হয়নি দমকল বাহিনীর ছাড়পত্রও। গতকাল ভ্রাম্যমাণ আদালত রজধানীর চারটি বহুতল ভবনে অভিযান চালালে এসব বিষয় ধরা পড়ে।গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত ৩০ কারওয়ান বাজারে ডিজাইন অ্যান্ড সোর্স নামের তৈরি পোশাক কারখানায় অভিযান চালান। ওই প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম ভবনের দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত দমকল বাহিনীর ছাড়পত্র না নিয়ে কারখানা পরিচালনা করছেন। এ ছাড়া পঞ্চম থেকে অষ্টম তলা পর্যন্ত অংশের জন্য ছাড়পত্র নিলেও সেখানকার অগ্নিনির্বাপণ যন্ত্রগুলো অকেজো। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।আদালত একই এলাকার হাসনে টাওয়ারে অভিযান চালান। ভবনের মালিক ভবন নির্মাণের আগে ও পরে দমকল বাহিনীর ছাড়পত্র না নিয়ে ভবনটি চালু করেন। অগ্নিনির্বাপণব্যবস্থার বিধানও যথাযথভাবে পালন করেননি। সেখানে জরুরি নির্গমনের ব্যবস্থাও রাখা হয়নি। মালিকপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ কর্তৃপক্ষ স্বীকার করে। এ অপরাধে আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন। একই আদালত রাজধানীর ২/সি পুরানা পল্টনের ১৬ তলা শাওন টাওয়ারে অভিযান চালান। ভবনের মালিক নির্মাণের আগে ও পরে দমকল বাহিনীর ছাড়পত্র না নিয়ে ভবনের স্পেস বাণিজ্যিকভাবে ভাড়া দেন। ভবনের অষ্টম তলায় একমাত্র জরুরি নির্গমনব্যবস্থা থাকলেও অন্যান্য তলায় তা নেই। এ অপরাধে আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন।পরে আদালত একই এলাকার ১৬ তলা নোয়াখালী টাওয়ারে অভিযান চালান। ভবনের মালিকও দমকল বাহিনীর ছাড়পত্র না নিয়ে আবাসিক ও বাণিজ্যিকভাবে ভাড়া দিয়েছেন। সেখানেও কোনো জরুরি নির্গমনব্যবস্থা ছিল না। এ অপরাধে আদালত ভবনের মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।