অগ্নিপ্রতিরোধ-ব্যবস্থা না থাকায় নাভানা টাওয়ারকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রদত্ত লাইসেন্স ও অগ্নিপ্রতিরোধ-ব্যবস্থা যথাযথ না থাকায় গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক জহুরুল হক মিয়া প্রথম আলোকে বলেন, নাভানা টাওয়ারের ২৪ তলা ভবনের প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত শপিং কমপ্লেক্স নামে পরিচিত। পঞ্চম থেকে ১৬ তলা পর্যন্ত নাভানা টাওয়ার ওনার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামে অফিস কমপ্লেক্স এবং ১৬ থেকে ২৪ তলা পর্যন্ত আবাসিক কমপ্লেক্স। ভবন কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের লাইসেন্স না নিয়ে ব্যবসা, অফিস ও আবাসিক ভবন পরিচালনা করে। এ ছাড়া এ ভবনে অগ্নিপ্রতিরোধ-ব্যবস্থা যথেষ্ট ছিল না। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত ওই ভবন কর্তৃপক্ষকে দুই লাখ টাকা করে তিন কিস্তিতে মোট ছয় লাখ টাকা জরিমানা করেন। নাভানা টাওয়ার ওনার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপক আকবর কামরুল প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় আদালত দুই লাখ টাকা জরিমানা করেন। এর আগে দুপুরে আদালত সেগুনবাগিচার মেসার্স ঢাকা প্রিন্টার্স অ্যান্ড কার্টন লিমিটেড নামের একটি ছাপাখানায় অভিযান চালান। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ফায়ার সার্ভিসের লাইসেন্স না নিয়ে কারখানা পরিচালনা করার অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এরপর আদালত রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল রোডের ৩৮২ পদদিয়া এলাকার মেসার্স আলপিন হোপ সোয়েটারে অভিযান চালিয়ে ৫০ হাজার এবং একই রোডের এলিন ফ্যাশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, নাভানা টাওয়ারের কর্মকর্তা ও প্রকৌশলীর ফায়ার সার্ভিসের লাইসেন্স বা অগ্নিপ্রতিরোধ সম্পর্কে ধারণা নেই। সেখানে অগ্নিপ্রতিরোধের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না।