অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার প্রদান
গতকাল মঙ্গলবার অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি প্রত্যেক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির হাতে ১০ হাজার টাকার চেক, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে শিক্ষামন্ত্রী বলেন, সরকার সব শিশুকে স্কুলে নিতে বদ্ধপরিকর।অনুষ্ঠানের বিশেষ অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, শিশুসাহিত্যের ভেতর দিয়ে শিশু ভাবতে শিখবে। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. নুরুজ্জামান। অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার বজলুল হক ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদও বক্তব্য দেন।প্রতিবছর বৈশাখ থেকে চৈত্র মাসের মধ্যে প্রকাশিত সাতটি বিভাগে সেরা বইয়ের জন্য লেখক ও শিল্পীকে এই পুরস্কার দেওয়া হয়। এবার অনুষ্ঠানে বাংলা ১৪০৯ থেকে ১৪১৩ বঙ্গাব্দ পর্যন্ত সময়ে ছড়া-কবিতা-গান, গল্প-উপন্যাস-রূপকথা, জীবনী-প্রবন্ধ, অনুবাদ-ভ্রমণকাহিনী, স্বাস্থ্য-বিজ্ঞান-প্রযুক্তি, নাটক ও বই অলংকরণ বিভাগে ৩৩ জন লেখক ও শিল্পীকে এই পুরস্কার দেওয়া হয়।১৪০৯ সালে পুরস্কার পেয়েছেন খালেক বিন জয়েনউদ্দীন, শামসুল হক, রিফাত নিগার, রহীম শাহ, সুব্রত বড়ুয়া ও সৈয়দ এনায়েত হোসেন। এ বছর নাটক বিভাগে কোনো বই জমা পড়েনি।১৪১০ সালে পুরস্কার পেয়েছেন ঝর্ণা দাশ পুরকায়স্থ, আতিক রহমান, মোকারম হোসেন, রহীম শাহ, আহসান মালেক ও ধ্রুব এষ। এ বছরও নাটক বিভাগে উপযুক্ত বই পাওয়া যায়নি।১৪১১ সালে পুরস্কার পেয়েছেন প্রথম আলোর সারওয়ার-উল-ইসলাম, আনজীর লিটন, খন্দকার মাহমুদুল হাসান, জ্যোতির্ময় মল্লিক, আনোয়ার করিম খান, আজাদ রহমান ও সাফিন।১৪১২ সালে পুরস্কার পেয়েছেন মকবুলা মনজুর, বীরেন সোম, রহীম শাহ, মনি হায়দার, মাহবুব আজাদ, দেলোয়ার হোসেন ও গোলাম আম্বিয়া।১৪১৩ সালের বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন হাশেম খান, আমীরুল ইসলাম (দুটি বিভাগে), আলী ইমাম, রুদ্রাক্ষ রহমান, মোহাম্মদ আলী খান ও তপন চক্রবর্তী।