অচিরেই হাসিনাকে বন্দিশালায় সময় কাটাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, ‘শেখ হাসিনা প্রায় দুই বছর আমাকে গৃহবন্দী করে রেখেছেন। অচিরেই তাঁকে বন্দিশালায় সময় কাটাতে হবে।’গতকাল বৃহস্পতিবার সকালে লালবাগ কার্যালয়ে ইসলামী ছাত্রমোর্চার প্রতিনিধি সম্মেলনে মুফতি আমিনী এ কথা বলেন। তিনি সরকার পতনের আন্দোলনে কঠোর কর্মসূচির জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা অবশ্যই এই সরকারের পতন ঘটাব।’সরকার জমায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে আগ্রাসী আচরণ করছে দাবি করে আমিনী বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করি না। কিন্তু বিচারের নামে প্রহসন হলে মানুষ তা মানবে না। জামায়াত-শিবিরের ওপর জুলুম-নির্যাতন কেউ সমর্থন করতে পারে না।’ছাত্রমোর্চার আহ্বায়ক আবদুল আজিজের সভাপতিত্বে সম্মেলনে ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামীসহ দলের নেতারা বক্তব্য দেন। সম্মেলনে ছাত্রমোর্চার নাম পরিবর্তন করে ‘ইসলামী ছাত্র খেলাফত’ করা হয়। সংগঠনের নতুন সভাপতি হন আনসারুল হক এবং সাধারণ সম্পাদক করা হয় খুরশেদ আলমকে।