পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় ছয়জনের লাশ ১৪ দিন ধরে হিমঘরে পড়ে আছে। লাশগুলো দাফনের ব্যাপারে জেলা প্রশাসক কিংবা পুলিশ কেউই সিদ্ধান্ত দিতে পারছে না। তবে শেষ পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া লাশগুলো দাফন করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।ঢাকা জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, পরিচয় না পাওয়ায় লাশগুলো দাফনের ব্যাপারে পুলিশকে এগিয়ে আসতে হবে। পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করলে দাফনের ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, অজ্ঞাত পরিচয়ের লাশগুলোর দাফন নিয়ে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেছেন, কিন্তু সিদ্ধান্ত পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে ওই লাশগুলোর খোঁজে কেউ না আসায় তিনি হতাশা ব্যক্ত করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আদালতে আবেদন করা হবে বলে তিনি জানান।স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ এম এ আজহার প্রথম আলোকে বলেন, সলিমুল্লাহ মেডিকেল কলেজে ডিএনএ পরীক্ষা হয় না। এ ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ডিএনএর নমুনা সংগ্রহ শেষে লাশগুলোর ব্যাপারে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানো হবে।ঢাকা মেডিকেল কলেজের মর্গ সূত্রে জানা গেছে, মর্গের হিমঘরে থাকা লাশের খোঁজে কয়েক দিন আগে এক ব্যক্তি এসেছিলেন। তাঁকে স্থানীয় চেয়ারম্যান বা পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলরের সনদ নিয়ে আসতে বলা হয়েছিল, কিন্তু ওই ব্যক্তি আর আসেননি।