অজ্ঞাত লাশের পরিচয় পেতে পুলিশের পোস্টার
প্রায় এক বছর আগের ঘটনা। ২০১৪ সালের ১১ ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে নিকুঞ্জ-১-এর ৩ নম্বর সড়ক থেকে অজ্ঞাত (২৩) এক তরুণীর লাশ উদ্ধার করে খিলক্ষেত থানা-পুলিশ। ওই তরুণীর পরনে ছিল নীল রঙের সালোয়ার-কামিজ। গলায় সাদা রঙের ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা করে পুলিশ। আর মর্গ থেকে লাশটি নিয়ে দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যায়, ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
কিন্তু প্রায় ১১ মাস চলে গেলেও ওই তরুণীর সন্ধানে কেউ থানার পুলিশের কাছে আসেননি। তরুণীর পরিচয় জানতে খিলক্ষেত থানার উদ্যোগে বাসস্টেশন, রেলস্টেশনে পোস্টার বিলি করা হয়। একইভাবে বাস ও ট্রেনের পেছনে পোস্টারটি সেঁটে দেওয়া হয়। গত দেড় বছরে পুলিশের ক্যান্টনমেন্ট জোন এলাকায় ছয়-সাতটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। ডিএনএ নমুনা রেখে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সেখান থেকে সব লাশ দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম।
সবশেষ গত মঙ্গলবার বিকেলে রাস্তার পাশের বালুর স্তূপে চাপা দেওয়া অবস্থায় এক যুবকের (৩০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরনে ছিল নীল রঙের জিনসের প্যান্ট ও গেঞ্জি। মাথায় আঘাতের চিহ্ন ছিল। পুলিশ বলছে, ওই যুবককে হত্যা করে খিলক্ষেতের ৩০০ ফুট রাস্তার উত্তর পাশ থেকে বালুচাপা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। যেন মুখ চেনা না যায় তাই লাশটি মাথা থেকে কোমর পর্যন্ত বালুর মধ্যে পুঁতে রাখা হয়েছিল।