অজ্ঞাতনামা লাশ দুটির পরিচয় মিলেছে
রাজধানী থেকে গত সোম ও বুধবার উদ্ধার হওয়া অজ্ঞাতনামা দুটি লাশের পরিচয় মিলেছে। মৃতদের স্বজনেরা গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে তাঁদের লাশ শনাক্ত করেন।সোমবার সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে রেখে যাওয়া লাশটি হাজারীবাগের বাসিন্দা টুটুলের (২২) বলে শনাক্ত করেছেন তাঁর বড় ভাই লিটন। আর বুধবার সকালে আগারগাঁও এলাকা থেকে উদ্ধার হওয়া লাশটি গাড়িচালক হান্নান মিয়ার (২২)। দুজনকেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বুধবার আগারগাঁও এলাকা থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় হান্নান মিয়ার লাশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানার পুলিশ। অজ্ঞাতনামা হিসেবে প্রায় ৩২ ঘণ্টা মর্গের হিমঘরে পড়ে থাকার পর গতকাল লাশটির পরিচয় শনাক্ত করেন তাঁর ভাই মো. ইব্রাহিম। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে। হান্নানকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। গুলশান এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম বলেন, তিনি ও তাঁর ভাই হান্নান একই প্রতিষ্ঠানের গাড়িচালক। সপ্তাহখানেক আগে নিজে একটা গাড়ি কিনেছিলেন হান্নান। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি নিজের গাড়ি নিয়ে বের হন বাড়তি উপার্জনের জন্য। এরপর আর ফেরেননি। বুধবার হান্নানের পরিবার গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার সোহরাওয়ার্দী হাসপাতালে রেখে যাওয়া লাশটিরও পরিচয় মিলেছে। পুলিশ জানায়, সেদিন দুপুরে কয়েকজন লোক এক যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে তারা গাড়ি ভাড়া করার কথা বলে চলে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও কেউ লাশ না নেওয়ায় পুলিশকে জানানো হয়। গতকাল তাঁকে হাজারীবাগের টুটুল বলে শনাক্ত করেন বড় ভাই লিটন। টুটুলের সারা শরীরে মারধরের চিহ্ন ছিল।