অজ্ঞান পার্টির কবলে তিনজন
রাজধানীতে গতকাল মঙ্গলবার ব্যাংক কর্মকর্তাসহ তিনজন অজ্ঞান পার্টির কবলে পড়ে লক্ষাধিক টাকা খুইয়েছেন। অচেতন অবস্থায় জনতা ব্যাংকের মতিঝিল শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা (পিও) বি এম এমদাদ (৫৫), সৌদিফেরত শামসুল হক (৫০) ও বৈদ্যুতিক মিস্ত্রি দুলাল মিয়াকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে যাত্রাবাড়ীর চৌরাস্তার একটি বাস কাউন্টারের সামনে থেকে ব্যাংক কর্মকর্তা বি এম এমদাদকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তাঁর স্ত্রী হোসনে আরা বেগম সাংবাদিকদের বলেন, তাঁর স্বামীর কাছ থেকে অজ্ঞান পার্টির সদস্যরা এক লাখ পাঁচ হাজার টাকা নিয়ে গেছে। গতকাল বিকেলে পুলিশ মহাখালীর বাস টার্মিনাল থেকে সৌদিফেরত শামসুল হককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে বাসে ঢাকায় আসেন। গতকাল আজিমপুরের নিউ পল্টন থেকে অজ্ঞান অবস্থায় বৈদ্যুতিক মিস্ত্রি দুলাল মিয়াকে (২৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।