জমি কিনতে আড়াই লক্ষাধিক টাকা নিয়ে গতকাল সোমবার চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে আসছিলেন সোলেমান (৫০) ও তাঁর সম্বন্ধী আলাউদ্দিন (৪০)। গন্তব্যে পৌঁছার আগেই অজ্ঞান পার্টির হাতে তাঁদের সে টাকা খোয়াতে হয়। পুলিশ তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তাঁদের মতো অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় ৩৫ হাজার টাকা খুইয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর আহমেদ (২৫)। গতকাল তাঁকেও অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একইভাবে খপ্পরে পড়া রুবেল বেগ (২৩) নামের এক ব্যবসায়ীকে গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কাছ থেকে প্রায় ৯৫ হাজার টাকা খোয়া গেছে বলে জানা গেছে। সূত্র জানায়, সোলেমান ও আলাউদ্দিনের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার নীলাচর গ্রামে। সোলেমান দুবাই প্রবাসী। তিন মাস আগে তিনি দেশে এসেছেন। আলাউদ্দিন মুদির দোকানদার। গতকাল সকাল আটটার দিকে তাঁরা বাসযোগে নারায়ণগঞ্জের ভুলতার গাউছিয়ার দিকে আসছিলেন। ভাগাভাগি করে দুজনের সঙ্গে ছিল জমি কেনার দুই লাখ ৮০ হাজার টাকা। সকাল ১০টার দিকে পুলিশ তাঁদের মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালের সামনে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁদের দুজনের প্যান্টের পকেট কেটে টাকা নিয়ে যায়। একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে ৩৫ হাজার টাকা জমা দিতে গতকাল বাসযোগে নারায়ণগঞ্জ থেকে মতিঝিলে আসছিলেন তানভীর আহমেদ। কিন্তু গন্তব্যে পৌঁছার আগে তাঁকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে হয়। বেলা তিনটার দিকে গুলিস্তান থেকে পথচারীরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কসমেটিকস ব্যবসায়ী রুবেল বেগ যাত্রাবাড়ীর ধনিয়ার বাসিন্দা।