অজ্ঞান পার্টির খপ্পরে দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন দুই ব্যক্তি। দুজনকেই অজ্ঞান অবস্থায় বাস থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
তাঁদের একজন হলেন মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারের কর্মকর্তা মজিবুর রহমান (৪৮)। তাঁর আত্মীয় দেলোয়ার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, গ্রেট ওয়াল পরিবহনে করে মুন্সিগঞ্জের মাওয়া থেকে ঢাকায় ফিরছিলেন মজিবুর। এ সময় বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে বাসটি এলে অজ্ঞান অবস্থায় তাঁকে পাওয়া যায়। পরে পরিবহনশ্রমিকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
দেলোয়ার বলেন, মজিবুরের সঙ্গে নয় হাজার টাকা এবং আনুষঙ্গিক জিনিসপত্রসংবলিত একটি ব্যাগ ছিল। তার সবই অজ্ঞান পার্টির লোকজন নিয়ে গেছে। অন্য ব্যক্তি হাফিজুর রহমান (৫৪)। বেলা দেড়টার দিকে নটর ডেম কলেজের সামনে ওয়েলকাম পরিবহনে তাঁকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে পরিবহনের লোকজন খবর দিলে তাঁর ভাগনে মনজু হাফিজুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে মনজু সাংবাদিকদের বলেন, মনজুর বাসা মিরপুর ১০ নম্বরের মণিপুরে। তাঁর সঙ্গে ৫০ হাজার টাকা ছিল, যার পুরোটাই অজ্ঞান পার্টির লোকজন নিয়ে গেছে।