অজ্ঞান পার্টির খপ্পরে ফল বিক্রেতার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিত্সাধীন সিদ্দিক মিয়া (৫৫) নামে এক ফল বিক্রেতা গতকাল বৃহস্পতিবার সকালে মারা গেছেন। পুলিশ জানায়, কে বা কারা তাঁকে তরল পদার্থ খাইয়ে বুধবার অজ্ঞান করে রাস্তায় ফেলে যায়। হাসপাতালে ভর্তির একদিন পর তিনি মারা যান। কোতোয়ালি থানার উপপরিদর্শক আবদুল লতিফ প্রথম আলোকে জানান, বুধবার রাত আটটার দিকে সিদ্দিক অচেতন অবস্থায় গুলিস্তান এলাকার রাস্তায় পড়ে ছিলেন। এক ভ্যানচালক রাত সাড়ে ১০টার দিকে তাঁকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। চিকিত্সাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। সিদ্দিক মিয়া ফল বিক্রেতা ছিলেন। মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবদুর রউফ কবিরাজ বলেন, বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে লিখিতভাবে জানানো হয়। সিদ্দিক মিয়ার বাড়ি মাদারীপুর সদর থানার বোয়ালিয়া গ্রামে।