অজ্ঞান পার্টির খপ্পরে মুদ্রা বিনিময় ব্যবসায়ী
রাজধানীতে গতকাল বুধবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আরিফ হোসেন (৫৫) নামের এক মুদ্রা বিনিময় ব্যবসায়ী নগদ টাকা খুইয়েছেন। তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আরিফ হোসেনকে অচেতন অবস্থায় এক পথচারী উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখানে রোগীকে না রাখায় পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি।আরিফ হোসেনের ভাই আবুল হোসেন জানান, তাঁর ভাইয়ের মতিঝিল দিলকুশা এলাকায় স্টান্ডার্ডস মানি এক্সচেঞ্জ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন তিনি নিজস্ব গাড়িতে মোহাম্মদপুরের বাসা থেকে মতিঝিল যেতেন। তিন দিন ধরে গাড়িচালককে ছুটি দেওয়ায় তিনি বাসে যাতায়াত করছেন। গতকাল বেলা ১১টার দিকে তাঁর ভাই বাসা থেকে বের হন। পরে তিনি এটিসিএল পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি মতিঝিল যাওয়ার পর সব যাত্রী নেমে গেলেও তাঁর ভাই অচেতন অবস্থায় সিটে বসে ছিলেন। এ সময় ওই বাসের একজন যাত্রী গাড়িচালকের সহযোগীর সহায়তায় গাড়ি থেকে নিচে নামান।আবুল হোসেন আরও বলেন, বাস থেকে নামানোর পর ওই ব্যক্তি তাঁর ভাইকে হাসপাতালে ভর্তি করেন। পকেটে ভিজিটিং কার্ডে ঠিকানা ও টেলিফোন নম্বর পেয়ে তিনি তাঁর ভাইয়ের অফিসে যান। তিনি আরও বলেন, তাঁর ভাইয়ের কাছে সব সময় তিন থেকে চার লাখ টাকা থাকে। গতকালও একই পরিমাণ টাকা ছিল বলে তাঁর ধারণা।