অজ্ঞান পার্টির খপ্পরে সাতজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে নিঃস্ব হয়ে দেশে ফেরেন রূপগঞ্জের মো. জুয়েল (২৮)। পকেটে ছিল বিভিন্ন সংস্থার দেওয়া হাতখরচের সামান্য কিছু টাকা। সোমবার ঢাকায় নেমে অজ্ঞান পার্টির হাতে সেটুকুও খোয়াতে হয় তাঁকে। অজ্ঞান অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।জুয়েল ছাড়াও অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ছয়জন। এঁদের মধ্যে ময়মনসিংহ থেকে ঢাকা আসার পথে সর্বস্ব খুইয়েছেন মো. সবুজ (২৮)। গতকাল সকালে তাঁকে সায়েদাবাদ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।সূত্র জানায়, গত সোমবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন লিবিয়া প্রবাসী শ্রমিক জুয়েল। বিমানবন্দর থেকে রূপগঞ্জের বাসুদায় নিজ বাড়িতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করেন। কিন্তু বাড়িতে তিনি আর পৌঁছাননি। গতকাল মঙ্গলবার সকালে নরসিংদীর ঘোড়াশাল থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কয়েকজন পথচারী।পেনশনের টাকা তোলার জন্য মাদারীপুরের কালকিনি থেকে ঢাকায় এসেছিলেন অবসরপ্রাপ্ত বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্য হারুন অর রশীদ। কিন্তু তাঁর গন্তব্যে পৌঁছানো হয়নি। গুলিস্তান থেকে বেলা ১১টার দিকে তাঁকে উদ্ধার করেন পথচারীরা।বিকেলে গাবতলী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় মুন্সিগঞ্জের সিরাজদিখানের আবু তাহেরকে। এ ছাড়া বেলা তিনটায় সৌরভ (২০) নামের এক তরুণকে ও সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পাশ থেকে অজ্ঞাত (৩৫) একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। হাসপাতাল সূত্র জানায়, এঁদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোনসহ অন্তত তিন লাখ টাকা মূল্যের মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।