অঞ্চল-৩-এর দোকানপাট বন্ধ ছিল রাস্তায় ছিল না যানজট
সপ্তাহের সাত দিনের মধ্যে বৃহস্পতিবার রাস্তাঘাটে ব্যাপক যানজট লেগে থাকে। কিন্তু গতকাল রাজধানীর পল্টন, বিজয়নগর, কাকরাইল মোড়, শান্তিনগর, বেইলি রোড, মালিবাগ, মৌচাক ও মগবাজার এলাকায় তেমন কোনো যানজট চোখে পড়েনি।নতুন সময়সূচি অনুযায়ী গতকাল ছিল অঞ্চল-৩-এর দোকানপাট ও বিপণিবিতানে পূর্ণ দিবস সাপ্তাহিক ছুটি। এ এলাকার সব দোকানপাট ও বিপণিবিতান বন্ধ পাওয়া গেছে। ফলে গতকাল ওই সব এলাকায় যানজট ছিল না বললেই চলে।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অঞ্চল-৩ বৃহস্পতিবার পূর্ণ দিবস ও শুক্রবার আধাবেলা বন্ধ থাকবে। এলাকাগুলো হচ্ছে ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহাজানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরেরপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা ও রমনা শিশুপার্ক।রাজধানীর কারওয়ান বাজার আম্বর শাহ মসজিদের মুয়াজ্জিন লিয়াকত আলীসহ তাঁর ভাতিজার বিয়ে উপলক্ষে পরিবারের কয়েকজন সদস্য নিয়ে কেনাকাটা করতে গতকাল গিয়েছিলেন মৌচাক মার্কেটে। সেখানে দোকানপাট বন্ধ থাকায় তিনি ফিরে আসেন। গতকাল বৃহস্পতিবার মার্কেট বন্ধ থাকার বিষয়টি তাঁর জানা ছিল না বলে জানান।গতকাল রাজধানীর পল্টন, বিজয়নগর, নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, বেইলি রোড, মালিবাগ, মৌচাক, আউটার সার্কুলার রোড, মগবাজার, ইস্কাটনসহ আশপাশ এলাকার দোকানপাট ও বিপণিবিতান বন্ধ দেখা গেছে।মহানগর দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারের মন্দার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই মন্দাবস্থা কাটাতে বিশ্বব্যাপী বেশি কাজ করা হচ্ছে। সেখানে বাংলাদেশে সপ্তাহে সাত দিনই দোকানপাট খোলা রাখা উচিত। দোকানাপাট বন্ধ রাখা হলে যানজট কম ও বিদ্যুত্ সাশ্রয় খুব একটা হবে না বলে তিনি জানান। মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, গুলিস্তান এলাকায় শুক্রবার পূর্ণ দিবস ও শনিবার আধাবেলা এবং বায়তুল মোকাররম ও স্টেডিয়াম মার্কেট বৃহস্পতিবার পূর্ণ দিবস ও শুক্রবার আধাবেলা খোলা রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু বায়তুল মোকাররম ও স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ীরা শুক্রবার পূর্ণ দিবস ছুটির আহবান জানিয়েছেন।যানজট কমানো ও বিদ্যুত্ সাশ্রয়ের জন্য রাজধানীর দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার নতুন নিয়ম চালু করা হয় ১৯ ফেব্রুয়ারি থেকে।