অঞ্চলভিত্তিক দোকানপাট সপ্তাহে এক দিন বন্ধ রাখছেন ব্যবসায়ীরা
অঞ্চলভেদে রাজধানীর দোকানপাট ও বিপণিবিতান সপ্তাহে দেড় দিন বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত থাকলেও কার্যত সপ্তাহে এক দিন বন্ধ রাখছেন ব্যবসায়ীরা।মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রতিটি অঞ্চলের ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করে এক দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারি ঘোষণা অনুযায়ী, দেড়দিন বন্ধ রাখার কথা। কিন্তু এটি সংশোধন করে একদিন করলে ব্যাবসায়ীদের জন্য ভালো হবে। তবে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান প্রথম আলোকে বলেন, বিদ্যুত্ সাশ্রয় ও যানজট নিরসনে মন্ত্রিসভার বৈঠকে অঞ্চলভিত্তিক দোকানপাট ও বিপণিবিতান দেড়দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এটি পরিবর্তন বা সংশোধন করতে হলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিতে হবে। তবে বিশ্বমন্দার বিষয়টি মাথায় রেখে ব্যবসায়ীদের দাবি সুবিবেচনা করা হবে। শনির আখড়া এলাকার আয়েশা মোশারফ সুপার কমপ্লেক্সের ব্যাগ ব্যবসায়ী আলী হোসেন জানান, সরকারি সিদ্ধান্ত মেনে নিলেও তাঁরা সপ্তাহে এক দিন দোকানপাট বন্ধ রাখছেন। তিনি বলেন, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও দোকানপাট খোলার আলাদা সময়সূচি থাকা উচিত। এতে যানজট অনেকাংশে কমে আসবে । যানজট ও বিদ্যুত্ সাশ্রয়ের জন্য সরকার গত ১ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ঢাকা মহানগরকে সাতটি অঞ্চলে বিভক্ত করে দোকানপাট, মার্কেট, শপিং মল ও বিপণিবিতানের সাপ্তাহিক ছুটি নির্ধারণের বিষয় অনুমোদন করে। গতকাল মঙ্গলবার ছিল অঞ্চল-৪ এলাকার দোকানপাট ও বিপণিবিতান পূর্ণদিবস বন্ধের দিন। রাজধানীর হাতিরপুল, কাঁঠালবাগান, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, ইন্দিরা রোড, মণিপুরিপাড়া, তেজকুনিপাড়া, তেজতুরীবাজার, ফার্মগেট, তেজগাঁওয়ের একাংশ, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, কলাবাগান, শুক্রাবাদ, সোবহানবাগ, নিউ এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, রায়েরবাজার, হাজারীবাগ, জিগাতলা, পিলখানা, নিউমার্কেট ও ইডেন কলেজ এলাকা। গতকাল এসব এলাকার রাস্তাঘাট ছিল ফাঁকা। সেখানে কোনো ধরনের যানজট চোখে পড়েনি।