অটিজম বিষয়ে গণসচেতনতা বাড়াতে হবে
শিশুদের একটি মানসিক বিকাশজনিত সমস্যা ‘অটিজম’। বাংলাদেশসহ সারা বিশ্বে এর প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই এ ব্যাপারে গণসচেতনতা বাড়াতে হবে। বাংলাদেশ সোসাইটি ফর চাইল্ড নিউরোলজি, ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজঅ্যাবিলিটির (বিএসসিএনডিডি) উদ্যোগে গত শনিবার ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত এক সভায় আলোচকেরা এ কথা বলেন। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। প্রতিবছর ২ এপ্রিল এই দিবসটি পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে এ বছর বিএসসিএনডিডি দেশব্যাপী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ‘শিশুদের অটিজম: বাংলাদেশ প্রেক্ষিত’ বিষয়ে রচনা আহ্বান করে। অনুষ্ঠানে রচনায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ও তাঁদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক এম আর খান, অধ্যাপক কাজী দীন মোহাম্মদ, অধ্যাপক মনিমুল হক, অধ্যাপক নায়লা জামান খান প্রমুখ আলোচনায় অংশ নেন।