শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অটিস্টিক ও প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করে তাদের শিক্ষা নিশ্চিত করা হবে। তাদের বিশেষ কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় যুক্ত করে কর্মক্ষম ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা হবে।গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠীর জন্য শিক্ষা কোনো অনুকম্পা নয়, অধিকার হিসেবে নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাদের মূল স্রোতে আনতে আশপাশের সবাইকে কিছুটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় অন্যান্যের মধ্যে সমাজকল্যাণসচিব রণজি ৎ কুমার বিশ্বাস, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ঢাকার কয়েকটি স্কুল ও কলেজের প্রধানেরা উপস্থিত ছিলেন।শিক্ষাভবনে অভিযোগ বাক্স: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে শিক্ষাভবন খ্যাত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। তালাবদ্ধ এ বাক্সের চাবি থাকবে শিক্ষামন্ত্রীর কাছে। বাক্সটি শিক্ষাভবনের মূল ফটকের কলাপসিবল গেটের বাঁ পাশে স্থাপন করা হয়েছে। এ বাক্সে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ মন্ত্রণালয়াধীন যেকোনো দপ্তরের যেকোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণাদিসহ অভিযোগ ফেলা যাবে।