অটিস্টিক শিশুকে চিকিৎসার নামে প্রতারণার মামলায় আটজনের বিরুদ্ধে পরোয়ানা
এক অটিস্টিক শিশুকে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় অর্গানাইজেশন ফর চিলড্রেনস কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টের (অর্কিড) আট কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমান গতকাল সোমবার এ আদেশ দেন।আসামিরা হলেন সংস্থাটির চেয়ারম্যান উম্মে কুলসুম, সহসভাপতি কাজী জিয়া শামস, সাবেক মহাসচিব জিয়াউন্নাহার, বর্তমান মহাসচিব নুসরাত জাহান, কোষাধ্যক্ষ রওশন আরা মজুমদার, কার্যনির্বাহী সদস্য জোহরা বেগম, রেজাউল হোসেন ও এ বি তাবাসুম।গত বছর ১০ এপ্রিল শাকিব নামের এক অটিস্টিক শিশুর বাবা মোহাম্মদ শাকের হোসেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। সমন পাওয়ার পরও আসামিরা হাজির না হওয়ায় গতকাল আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।মামলার আরজিতে শাকের হোসেন বলেন, প্রতিবন্ধী ছেলে শাকিবকে বহু জায়গায় চিকিৎসা করিয়েছেন তিনি। কিন্তু কোনো উন্নতি হয়নি। এরপর অর্কিডে যাওয়ার পর আসামিরা বাদীকে আশ্বাস দেন, তাঁর ছেলেকে সুস্থ করতে পারবেন। ওই প্রতিষ্ঠানে ছেলেকে ভর্তি করানোর পর একদিন দেখতে গিয়ে দেখেন ছেলের ঠোঁট কাটা। এ বিষয়ে জানতে চাইলে আসামিরা জানান, খেলতে গিয়ে কেটে গেছে। আরজিতে অভিযোগ করা হয়, আসামিরা একে অপরের সঙ্গে যোগসাজশ করে চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছেন।মামলার বাদী শাকের হোসেন প্রথম আলোকে বলেন, ছেলেকে চিকিৎসা করানোর জন্য ওই প্রতিষ্ঠানে এক লাখ টাকা অনুদান দিয়ে ভর্তি করান তিনি। এ ছাড়া প্রতি মাসে তিন হাজার করে টাকাও দিতেন। গত বছর ১৬ জানুয়ারি ছেলেকে দেখতে ওই প্রতিষ্ঠানে গেলে কর্তৃপক্ষ তাঁর কাছে আরও দেড় লাখ টাকা দাবি করেন।উল্লেখ্য, গত বছর ১১ সেপ্টেম্বর অটিস্টিক শিশুকে চিকিৎসা দেওয়ার নামে প্রতারণা শিরোনামে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়।