অটোরিকশা মালিক-চালকদের ওপর নজরদারির সুপারিশ
সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী হয়রানি ঠেকাতে মালিক ও চালকদের ওপর নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে কয়েকজন সাংসদ অভিযোগ করেন, অটোরিকশার চালকেরা মিটারের অতিরিক্ত ভাড়া আদায় করছে। বৈঠক শেষ কমিটির সভাপতি একাব্বর হোসেন বলেন, মালিক-চালকদের সঙ্গে আলোচনা করে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানো হয়েছিল। নতুন ভাড়া নির্ধারণের পরে কিছুদিন সঠিকভাবে মিটারে ভাড়া আদায় করা হয়। কিন্তু এখন আবার আগের মতো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। মালিকেরাও চালকদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছেন। এ জন্য মালিকদেরও নজরদারির মধ্যে আনার জন্য বলা হয়েছে।
বৈঠকে সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন সব প্রকল্প সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেয়। এ ছাড়া পদ্মা সেতুর নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে কমিটিকে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে হালনাগাদ তথ্য পাঠানোর সুপারিশ করা হয়। একই সঙ্গে মন্ত্রণালয় থেকে কোনো টেকনিক্যাল টিম বিদেশে পাঠানোর আগে তা সংসদীয় কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।