অটোরিকশায় নৈরাজ্য ৮৬ শতাংশ চলে চুক্তিতে
চালক-মালিকদের চাহিদা মেনে বছর খানেক আগে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হলেও ঢাকার রাস্তায় সিএনজিচালিত অটোরিকশার নৈরাজ্য বন্ধ হচ্ছে না। ৮৬ শতাংশ অটোরিকশাচালক চুক্তিতে যেতে যাত্রীদের বাধ্য করছেন। মিটারে গেলেও বকশিশ দাবি করছে ৯৭ শতাংশ। এ ছাড়া যাত্রীদের পছন্দের গন্তব্যে যেতে রাজি হচ্ছেন না ৮২ শতাংশ চালক।
রাজধানীর গণপরিবহনের এই চিত্র উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির এক পর্যবেক্ষণে। সম্প্রতি এক মাসেরও বেশি সময় ধরে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর, গুলিস্তান, প্রেসক্লাব, পল্টন, ফার্মগেট, কলাবাগান, মিরপুর, গাবতলী, উত্তরা, শ্যামলী, খিলগাঁও, ডেমরা, ভাটারা, বনানী, গুলশানসহ রাজধানীর ৪০টি গুরুত্বপূর্ণ জায়গায় ২ হাজার ১৬৬টি অটোরিকশার ওপর জরিপ পরিচালনা করে সমিতির ১৫ সদস্যের একটি দল। গতকাল শনিবার সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জাতীয় প্রেসক্লাবের সামনে এই জরিপের পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনে বলা হয়, সিংহভাগ অটোরিকশাচালক যাত্রীর পছন্দের গন্তব্যে যান না। মিটারেও যেতে চান না। মিটারে গেলেও অতিরিক্ত ভাড়া দাবি, যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে সরকার এ খাতকে শৃঙ্খলিত করতে চালক-মালিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিলেও এখানে কোনো সুশাসন প্রতিষ্ঠা করা যায়নি।
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে আরও বলা হয়, ঢাকা মহানগরীতে প্রতিদিন বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ২৯ হাজার অটোরিকশা চলাচল করছে। এর বেশির ভাগ মিটারবিহীন চলাচলের কারণে বৈধ বাণিজ্যিক অটোরিকশার চালকেরা মিটারে যেতে আগ্রহী হন না। কতিপয় অসাধু পুলিশ সার্জেন্ট, টিআই, পিআই ও সাংবাদিকের সহযোগিতায় ১৫ হাজারের বেশি অটোরিকশা বছরের পর বছর অবৈধভাবে চলাচল করছে। এ জন্য প্রতিটি অবৈধ অটোরিকশাকে ৮ হাজার টাকা হারে মাসিক চাঁদা দিতে হয়। এ হিসাবে বছরে ১৪৪ কোটি টাকার অবৈধ লেনদেন এই খাতে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা।
এ ছাড়া প্রতিটি অটোরিকশার সরকার-নির্ধারিত জমা ৯০০ টাকা হলেও কোনো কোনো ক্ষেত্রে এর দ্বিগুণ জমা আদায় করছেন মালিকেরা। আর বিভিন্ন জায়গা থেকে যাত্রী ওঠানোর জন্য ১০ থেকে ২০ টাকা হারে চাঁদা দিতে হয় বলেও জরিপকারীদের কাছে অভিযোগ করেছেন চালকেরা। অভিযোগ অনুসারে গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের বিপরীতে ঢাকা ট্রেড সেন্টারের সামনে, গোলাপ শাহ মাজার, বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক, সদরঘাট, নয়াবাজার ইউসুফ মার্কেট, পোস্তগোলা ১ নম্বর বুড়িগঙ্গা সেতুর ঢাল ও সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের ইজারাদারেরা প্রতি ট্রিপে যাত্রী নিতে ১০ টাকা হারে ইজারা আদায় করছেন। আবার শনির আখড়া, যাত্রাবাড়ী ও রায়েরবাগ এলাকায় একটি শ্রমিক ইউনিয়নের নামে ট্রিপপ্রতি ১০ টাকা হারে চাঁদা আদায় করা হচ্ছে।
প্রতিবেদনে ঢাকা মহানগরের জন্য নিবন্ধিত অটোরিকশার বাইরে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীর নিবন্ধিত অটোরিকশা অবৈধভাবে চলাচল করছে বলেও উল্লেখ করা হয়। অবৈধ হওয়া সত্ত্বেও ভাড়ায় যাত্রী টানছে চার হাজারের বেশি ‘প্রাইভেট’ লেখা ব্যক্তিগত অটোরিকশা।
এই সংকট থেকে উত্তরণে এবং এই খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কয়েকটি সুপারিশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগরের অটোরিকশার সংকট নিরসনে সিলিং প্রথা বাতিল করা। প্রতিটি অটোরিকশায় যাত্রীর আসনের সামনে মালিক-চালকের নাম ও ফোন নম্বর এবং বিআরটিএর অভিযোগ কেন্দ্র ও পুলিশের ট্রাফিক বিভাগের অভিযোগ কেন্দ্রের ফোন নম্বরসহ একটি নোটিশ ঝোলানোর ব্যবস্থা করা। ‘প্রাইভেট’ অটোরিকশাসহ ঢাকা মহানগরের বাইরের জেলার অটোরিকশা চলাচল বন্ধের ব্যবস্থা নেওয়া। মিটার টেম্পারিং বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা ইত্যাদি।
পর্যবেক্ষণ প্রতিবেদনটি উপস্থাপনের সময় বক্তব্য দেন সাবেক সাংসদ হুমায়ুন কবির, দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মাহবুব আলম তালুকদার, নাগরিক সংহতির সভাপতি শরিফুজ্জামান, ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বরকত উল্লাহ, ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হানিফ খোকন প্রমুখ।