অটোরিকশা ছিনতাই দলের চার সদস্য গ্রেপ্তার, ২১টি গাড়ি উদ্ধার
রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশা চুরি বা ছিনতাই করে মালিকের কাছ থেকে মুক্তিপণ আদায় করে—এমন চক্রের দুই হোতাসহ চারজনকে গত রোববার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের দেওয়া তথ্যমতো ঢাকা ও ঢাকার বাইরে থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ২১টি অটোরিকশা। রাজধানীতে এমন আরও ১৫টি চক্র আছে বলে ধারণা গোয়েন্দাদের।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শহীদ ওরফে কানা শহীদ (৪০), মুকুল ভুঞা ওরফে কবীর (৪৫), মো. দুলাল (৩২) ও মো. মিন্টু ওরফে নোয়াখাইল্যা মিন্টু।গতকাল সোমবার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চোরদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ডিবি অফিসের ভেতরে পুরোনো বাস্কেটবল মাঠের পুরোটা জুড়ে ছিল উদ্ধার করা অটোরিকশাগুলো। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার মাহবুব আলম ও অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান।অভিযান পরিচালনাকারী ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোখলেছুর রহমান জানান, ঢাকায় ১৫টি সক্রিয় চক্রের মধ্যে দুটির হোতা ধরা পড়েছে। এর আগে আরও পাঁচটি চক্রের হোতারা গ্রেপ্তার হয়ে এখন কারাগারে। বর্তমানে আরও আটটি চক্র সক্রিয়। মোখলেছুর রহমান জানান, ওয়াজেদ আলী নামের এক অটোরিকশা মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রোববার বিমানবন্দর এলাকা থেকে শহীদকে গ্রেপ্তার করা হয়। গত এপ্রিলে ওয়াজেদের অটোরিকশাটি চুরি করে শহীদ চক্র। এরপর ওয়াজেদের কাছে গাড়ির বিনিময়ে ৭০ হাজার টাকা দাবি করা হয়। সহকারী কমিশনার জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা কখনো চালক সেজে, কখনো চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে এবং গাড়ি ভাড়া করে নির্জন স্থানে নিয়ে চালককে ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে মালিকের মোবাইল নম্বরে যোগাযোগ করে ৫০ থেকে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগে কী কী অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।