অটোরিকশাচালকেরা বেপরোয়া যাত্রীদের ভোগান্তি বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি কয়টা সিএনজি (অটোরিকশা) খুঁজেছি, তা বলতে পারব না। একজনও শ্যামলীতে যাবেন না। উত্তরা, এয়ারপোর্ট, বারিধারা যাবেন। সিএনজি ড্রাইভার যেখানে যাবে সেখানে আমার বাসা হলে মনে হয় একটা পেতাম। ওনাদের পছন্দের জায়গায় যেতে হবে। প্রতিদিন এই দুর্ভোগ সহ্য করে আসি। ফেরার সময় ভোগান্তি আর বলার নয়।’ রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোডে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাবাসসুম আরমান সুইটি সিএনজি পেতে গিয়ে প্রতিদিনের ভোগান্তির কথা এভাবেই জানালেন। সিএনজিচালকদের এমন স্বেচ্ছাচারিতার শিকার সুইটি একাই নন। সরেজমিন রাজধানী ঘুরে গতকাল মঙ্গলবারও সিএনজিচালকদের মিটারে গাড়ি চালাতে দেখা যায়নি। তাঁরা বেপরোয়া হয়ে ওঠায় যাত্রী ভোগান্তি এখন চরমে। গত রোববার থেকে সরকার সিএনজির ভাড়া বাড়িয়ে মিটারে যাত্রীদের কাঙ্ক্ষিত স্থানে যাওয়া বাধ্যতামূলক করেছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। উল্টো যাত্রীরাই চালকের ইচ্ছা-অনিচ্ছার শিকার। অবশ্য ট্রাফিক পুলিশ বলছে, ‘এ ব্যাপারে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।’ অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি ট্রাফিক উত্তর) বিধান ত্রিপুরা প্রথম আলোকে বলেন, মিটারে না যাওয়া, মিটার নষ্ট, স্বল্প দূরত্বে যেতে না চাওয়াসহ প্রত্যেকটি ক্ষেত্রে অভিযোগ পাওয়া মাত্রই শাস্তি নিশ্চিত করা হচ্ছে। দেখা গেছে, প্রতিদিন শত শত নগরবাসী সিএনজিচালকদের এই ইচ্ছা-অনিচ্ছার শিকার হন। গতকাল রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কারওয়ান বাজার, শাহবাগ, নিউমার্কেট, ধানমন্ডির সাত মসজিদ রোডের আবাহনী মাঠ, কলাবাগান, আসাদগেট ও সংসদ ভবন হয়ে আবার কারওয়ান বাজারে আসতে অর্ধশতাধিক অপেক্ষমাণ সিএনজি ও ট্যাক্সিক্যাবচালককে ভাড়া চাইতে দেখা গেছে। তাঁদের কেউ জানান মিটার নষ্ট, কেউ দাবি করেন স্বল্প দূরত্বে গেলে পোষায় না। কারওয়ান বাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফারুখ আহমেদ আবাহনী মাঠের আশপাশে একটিও সিএনজি খুঁজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সোজা বলে দেয় যাব না। আইন করে লাভ হলো কী?’ এ ব্যাপারে বিধান ত্রিপুরা বলেন, নগরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। যেসব সিএনজির মিটার নষ্ট কিংবা মিটারে কারসাজি ধরা পড়ছে, সেগুলো তাৎক্ষণিকভাবে থানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে, সিএনজিচালকদের কেউ কেউ মিটারের চেয়ে ১০ থেকে ৩০ টাকা অতিরিক্ত দাবি করছেন। গতকাল পান্থপথে সিএনজির যাত্রী জয়ন্ত বিষ্ণু মণ্ডল বলেন, তিনি মতিঝিল যাবেন। চালক মিটারে যেতে রাজি হয়েছেন। তবে শর্ত, মিটারের ভাড়ার চেয়ে ৩০ টাকা বেশি দিতে হবে।