অটোরিকশার চালকদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজিচালিত অটোরিকশার চালকদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর উদ্যোগ নেই সরকারের। যাত্রীদের বাধ্য করে নির্ধারিত ভাড়ার দ্বিগুণ কিংবা তিন গুণ আদায় করছেন চালকেরা। কিন্তু অটোরিকশার অসহায় যাত্রীদের হয়রানির কোনো সুরাহা হচ্ছে না। উল্টো বারবার অটোরিকশার মালিক-চালকদের স্বার্থে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে সরকার।সংকুচিত প্রাকৃতিক গ্যাসে (সিএনজি) চালিত অটোরিকশার যাত্রীদের হয়রানি বন্ধে যোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পুলিশ ও মালিক-শ্রমিক মিলে অসংখ্য বৈঠক করেছেন। প্রতিবারই মালিক-শ্রমিকের স্বার্থে ভাড়া কিংবা জমা বাড়ানো হয়েছে।২০০৩ সালে সিএনজিচালিত অটোরিকশা চালুর পর চারবার ভাড়া এবং দুবার মালিকের জমা বাড়িয়েছে সরকার। সর্বশেষ গত ২৮ জুন অটোরিকশার বয়সসীমা (ইকোনমিক লাইফ) নয় বছর থেকে দুই বছর বাড়িয়ে ১১ বছর করা হয়। ওই বৈঠকে চালকদের সহজ শর্তে লাইসেন্স প্রদান এবং পুলিশের হয়রানি ও মিথ্যা মামলা বন্ধের সিদ্ধান্ত হয়।চালকদের দৌরাত্ম্য চলছে: গতকাল বেলা একটার দিকে দৈনিক বাংলা মোড়ে কথা হয় জিয়াউর রহমানের সঙ্গে। তিনি জানান, কম্পিউটার নিয়ে মহাখালী যাওয়ার জন্য অন্তত ১০ জন চালককে বলে রাজি করাতে পারেননি। একজন চালককে ২০০ টাকার চুক্তিতে রাজি করান। কিন্তু অটোরিকশা দাঁড় করিয়ে দোকান থেকে কম্পিউটার আনতে গেলে এই ফাঁকে চালক না বলেই চলে যান। ওই অটোরিকশার নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো থ-১৪-০৬২৬। এ ঘটনার পর জিয়াউর রহমান আধঘণ্টা ধরে অপেক্ষা করেও অটোরিকশা পাননি বলে জানান।বেলা ১১টার দিকে কলাবাগান লাজ ফার্মার সামনে অটোরিকশায় ওঠার সময় কথা হয় যাত্রী সাবিহা সুলতানার সঙ্গে। তিনি বলেন, ‘অনেক চেষ্টা-তদবির করে একজন চালককে মিরপুর-১ নম্বরে যেতে রাজি করিয়েছি, তবে ভাড়া ১৫০ টাকা। রোদে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। তাই চুক্তিতে যেতে বাধ্য হয়েছি।’সাবিহা সুলতানা যে অটোরিকশাটি ভাড়া করেন, সেটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো থ-১৪-৪৫৩১। ওই অটোরিকশার চালক মো. মানিক দাবি করেন, মিটারে নতুন ভাড়া সংযোজন করেনি বলে চুক্তিতে যাত্রী বহন করছেন। কিন্তু এর আগে তো মিটারে ভাড়া সংযোজন করার পরও মানেননি, এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, ‘মালিক জমা বেশি নেন। পোষায় না বলে চুক্তিতে যাত্রী নিই।’কলাবাগানেই আরেক ভুক্তভোগী মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, তিনি আধঘণ্টা আগে মোহাম্মদপুর টাউন হলের সামনে থেকে কলাবাগানে আসেন ১০০ টাকায়। মিটারে কেউ কি রাজি হন না, এমন প্রশ্নের জবাবে মোয়াজ্জেম বলেন, ‘চালকেরা আসতেই চান না। অনেক অপেক্ষার পর চুক্তিতে রাজি করানো গেছে একজনকে।’সরকার সর্বশেষ ১৯ মে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া কিলোমিটারপ্রতি সাত টাকা থেকে বাড়িয়ে সাত টাকা ৫০ পয়সা এবং বিরতিকালের ভাড়ার পরিমাণ এক টাকা ২৫ পয়সা থেকে দেড় টাকা করে। তবে অটোরিকশার সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা এবং দৈনিক জমা ৬০০ টাকা বহাল থাকে।বিআরটিএর হিসাবে, মিরপুর-১ থেকে কলাবাগানের দূরত্ব সাত কিলোমিটার। সেই হিসাবে এ পথের ভাড়া হয় ৬২ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে ১৫ মিনিট ওয়েটিং (যানজট, যাত্রাবিরতি ও সিগনাল) ধরলেও ভাড়া হয় ৮৫ টাকা। কিন্তু সাবিহার কাছ থেকে ১৫০ টাকা আদায় করা হয়েছে। অর্থাৎ এক যাত্রাতেই ৬৫ টাকা বেশি।একইভাবে মোহাম্মদপুর টাউন হল থেকে মূল সড়ক ধরে কলাবাগানের দূরত্ব ২ দশমিক ৬ কিলোমিটার। গলি-ঘুপসি হয়ে এলে দূরত্ব আরও কমে যাবে। সরকার-নির্ধারিত হারে ২ দশমিক ৬ কিলোমিটার পথের ভাড়া হয় ২৯ টাকা। আর ওয়েটিং ১০ মিনিট ধরলে হয় ৪৪ টাকা।যাত্রীর পক্ষে কিছুই নেই: গত বছরের ৪ নভেম্বর সরকার অটোরিকশার ভাড়া বৃদ্ধি করেছিল। সে সময় মিটার অনুযায়ী গন্তব্যে যাওয়া, অতিরিক্ত ভাড়া আদায় না করা, মিটার কারসাজি (টেম্পারিং) না করা, চালকের কাছ থেকে নির্ধারিত হারের বেশি জমা আদায় না করাসহ বেশ কিছু সিদ্ধান্ত মানার বিষয়ে মালিক ও শ্রমিক সংগঠন, বিআরটিএ ও পুলিশের মধ্যে ১৫০ টাকার স্ট্যাম্পে চুক্তি হয়। তবে ১৬ জানুয়ারি থেকে নতুন ভাড়ার হার কার্যকর হওয়ার পর চালক-মালিকেরা চুক্তি অমান্য করলেও সরকার মালিকের রুট পারমিট ও চালকের লাইসেন্স বাতিল করছে না।বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান গতকাল রাতে প্রথম আলোকে জানান, হরতালের জন্য ভ্রাম্যমাণ আদালত বেশি পরিচালনা করা যাচ্ছে না। আগামী সপ্তাহ থেকে অটোরিকশার চালকদের দৌরাত্ম্য বন্ধে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত নামানো হবে।