যাত্রীদের জিম্মি করার ফন্দি অটোরিকশা মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে চলাচল করা প্রায় ১৫ হাজার সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সাড়ে পাঁচ হাজারের অর্থনৈতিক জীবন বা বয়সসীমা (ইকোনমিক লাইফ) আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এখন মালিক সমিতি চাইছে এসব অটোরিকশার বয়সসীমা আরও ছয় বছর বাড়াতে। দাবি আদায়ে তাঁরা আবার যাত্রীদের জিম্মি করে ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে তিন দফায় এই অটোরিকশাগুলোর বয়স ছয় বছর বাড়ানো হয়েছিল। এ অবস্থায় আবার ছয় বছর বৃদ্ধির আবদারের বিরোধিতা করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির দাবি, এতে ঢাকার পরিবেশ ও যাত্রীসেবা দুটোই হুমকির মুখে পড়বে। সেবার নামে সাধারণ মানুষকে জিম্মি করার প্রবণতা আরও বাড়বে।

সাধারণ যাত্রীসহ এ খাতের সংশ্লিষ্ট পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা বলেন, এখন পর্যন্ত মালিক সমিতি যতবার ভাড়া বাড়াতে চেয়েছে, ততবার সরকার ভাড়া বাড়িয়ে দিয়েছে। যতবার অটোরিকশার মেয়াদ বাড়াতে চেয়েছে ততবার বাড়িয়েছে। সরকার বারবার মালিকদের লোভের সঙ্গী হয়েছে। কখনোই যাত্রীসেবার বিষয়টি গুরুত্ব দেয়নি। রাস্তায় রাস্তায় দুঃসহ হয়রানি সয়ে চলছে সাধারণ মানুষ।

 পরিবেশের সুরক্ষা ও যাত্রীসেবার মান বৃদ্ধির লক্ষ্যে ২০০২ সালে টু স্ট্রোক ইঞ্জিনচালিত অটোরিকশা তুলে দিয়ে সাড়ে ৫ হাজার এবং ২০০৩ সালে আরও সাড়ে ৭ হাজার সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া হয়। তখন এগুলোর বয়সসীমা ধরা হয় নয় বছর। সে অনুযায়ী ২০১১ সালের ডিসেম্বরে সাড়ে ৫ হাজার এবং ২০১২ সালের ডিসেম্বরে সাড়ে ৭ হাজার অটোরিকশার বয়স শেষ হয়। মেয়াদ শেষের পর এসব অটোরিকশা ধ্বংস করার কথা।

কিন্তু ২০১০ সালে অটোরিকশার বয়সসীমা বৃদ্ধির জন্য আন্দোলন শুরু করে মালিক সমিতি। সরকার দুই দফায় এক বছর করে এসব অটোরিকশার বয়স দুই বছর বৃদ্ধি করে।

২০১৩ সালের ৫ মার্চ অটোরিকশা মালিক সমিতি এগুলোর মেয়াদ আরও চার বছর বাড়ানোর দাবি করে তখনকার যোগাযোগ মন্ত্রণালয়ে আবেদন করে। মালিক সমিতির চাপ ও স্বার্থান্বেষী মহলের যোগসাজশে আবার সরকার বয়সসীমা চার বছর বাড়িয়ে দেয়। তবে সেবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের সুপারিশ অনুযায়ী ছয়টি শর্ত যুক্ত করা হয়। তিন দফা মেয়াদ বাড়ানোর পর এ বছরের ডিসেম্বরে সাড়ে ৫ হাজার এবং আগামী বছরের ডিসেম্বরে বাকি সাড়ে ৭ হাজারের মেয়াদ শেষ হওয়ার কথা।     

কিন্তু গত নভেম্বর থেকে আবার এসব অটোরিকশার মেয়াদ আরও ছয় বছর বাড়ানোর দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর আবেদন করেছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ। ওই আবেদনপত্রে ‘পরীক্ষান্তে ব্যবস্থা নেওয়ার জন্য জোর সুপারিশ করেছেন’ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এবারের আবেদনে মেয়াদ বাড়ানোর জন্য মন্ত্রণালয়কে অটোরিকশার পুরোনো ইঞ্জিন ও গ্যাস সিলিন্ডার প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে মালিকদের যুক্তি, এতে ১৭০ কোটি ডলার অতিরিক্ত খরচের হাত থেকে বাঁচা যাবে। এতে দেশ ও অটোরিকশার মালিকেরা লাভবান হবেন।

ঐক্য পরিষদের দাবি সম্পর্কে জানতে চাইলে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামছুল হক বলেন, ‘বৃদ্ধি তো পরের কথা, আগে দেখতে হবে যে শর্তে তাঁদের (মালিকদের) অটোরিকশার নিবন্ধন দেওয়া হয়েছিল, সে সব শর্ত পূরণ হয়েছে কি না?  ব্যক্তিগতভাবে মনে করি, এর কোনো শর্তই পূরণ হয়নি। কোনো অটোরিকশাই মিটারে চলে না। যেকোনো স্থানে যেতে বাধ্য থাকলেও চালকেরা যান না।’ তিনি বলেন, এই পরিবহনব্যবস্থার কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে গেছে। শর্ত অনুযায়ী সেবা নিশ্চিত করতে না পারলে এই পরিবহনব্যবস্থা থাকাই উচিত নয়।’

সর্বশেষ চার বছর মেয়াদ বাড়ানোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকা বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসান বলেন, পরীক্ষা ছাড়া এ ব্যাপারে ঢালাওভাবে মন্তব্য করা যাবে না। সব অটোরিকশা তো এক অবস্থায় নেই। কোনোটি ভালো আছে, কোনোটি খারাপ। পরীক্ষা করেই বলা যাবে এগুলোতে ইঞ্জিন ও গ্যাস সিলিন্ডার প্রতিস্থাপন করা যাবে কি না।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর অধিকাংশ সিএনজিচালিত অটোরিকশারই অবস্থা খারাপ। অতিরিক্ত শব্দে এসব অটোরিকশায় বসে থাকাও দায়। বিভিন্ন অংশের নাটবল্টু খসে পড়েছে। হরহামেশাই চলতি পথে বন্ধ হয়ে যায়। 

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, চার দফা যাত্রী ভাড়া ও জমা বৃদ্ধির পরও এই খাতে নৈরাজ্য বন্ধ করা যায়নি। এখন নতুন ইঞ্জিনের সঙ্গে পুরোনো বডি রেখে তারা আবার সুবিধা চাইছে। নতুন ইঞ্জিনের সঙ্গে পুরোনো বডি সামঞ্জস্য রাখতে পারবে না। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। এতে শব্দদূষণের ফলে পরিবেশেরও ক্ষতি হবে। তিনি বলেন, অটোরিকশার নিবন্ধনে সীমা বেঁধে দেওয়াটাই ভুল ছিল। যার কারণে বারবার মালিকদের কাছে সরকার ও যাত্রীদের জিম্মি হতে হচ্ছে। তাঁর দাবি, যাত্রীসেবার দিক বিবেচনা করে মেয়াদোত্তীর্ণ সব অটোরিকশা উচ্ছেদ করে প্রয়োজনীয়সংখ্যক নতুন অটোরিকশা নামাতে হবে।

ঐক্য পরিষদের আবেদনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, জানতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল মালেকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। আবদুল মালেক প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটি নীতিনির্ধারণী একটি বিষয়। ৯ বছর বয়সসীমার অটোরিকশা ১৫ বছর চলেছে। এগুলোর মেয়াদ আরও বাড়ানো হলে কী কী কারিগরি পদক্ষেপ নিতে হবে, আর মেয়াদ না বাড়ালে যাত্রীদের জন্য বিকল্প কী ব্যবস্থা রাখা হবে, এসব ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্দোলনের প্রস্তুতি

এদিকে দাবি আদায়ে আবার আন্দোলনে নামার ফন্দি আঁটছে সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ। সংগঠনটির সদস্যসচিব এ টি এম নাজমুল হাসান বলেন, ‘গত নভেম্বরে আবেদন করেছি। এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, শুধু আশ্বাস দেওয়া হয়েছে। এখন এই অল্প সময়ে নতুন অটোরিকশা প্রতিস্থাপন সম্ভব নয়। পুরোনো ইঞ্জিন ও গ্যাস সিলিন্ডার প্রতিস্থাপন করে বয়সসীমা ছয় বছর বাড়াতে হবে। এ ব্যাপারে আগামী ৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলন থেকে আগামী ১৮ ও ১৯ অক্টোবর ঢাকা ও চট্টগ্রামে ধর্মঘটের ডাক দেওয়া হবে।’

মালিকদের এই আন্দোলনের ব্যাপারে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ বলেন, রাষ্ট্রকে জিম্মি করে তাঁরা (মালিকেরা) একের পর এক সুবিধা নিচ্ছেন। তাঁদের স্বেচ্ছাচারিতার কারণে যাত্রীদের শর্ত অনুযায়ী সেবা দিতে পারেননি চালকেরা। তিনি বলেন, ‘আমরা এই আন্দোলনের পক্ষে বা বিপক্ষে নই। আমাদের দাবি, চালকেরা যাতে বেকার না হয়। এ ব্যাপারে সরকারের আরও আগে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কারণ, হঠাৎ কোনো সিদ্ধান্ত দিলে ২০০২ সালের মতো এই খাতে আবারও সংকট তৈরি হবে।’