অটোরিকশার ধাক্কায় ছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের ঘটনার ক্ষত এখনো শুকায়নি। এরই মধ্যে রোকেয়া হলের সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রোকেয়া হলের সামনে এ ঘটনা ঘটে। আহত মারজিয়া আল হাকিম মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অটোরিকশাচালককে আটক করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টায় মারজিয়া রিকশায় করে নীলক্ষেতের দিকে যাচ্ছিলেন। এ সময় নীলক্ষেতের দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা রোকেয়া হলের সামনে সজোরে ইউটার্ন নিতে গেলে মারজিয়ার রিকশাকে ধাক্কা দেয়। মারজিয়া রিকশা থেকে পড়ে যান। অটোরিকশাটিও উল্টে যায়।আশপাশে থাকা শিক্ষার্থীরা আহত মারজিয়াকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।দুর্ঘটনার পর পর চালক মো. রফিক অটোরিকশা রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে ছাত্ররা তাঁকে ধাওয়া করে উপাচার্যের বাসভবনের সামনে থেকে আটক করে প্রক্টরের কাছে হস্তান্তর করেন। প্রক্টর অটোরিকশাসহ চালককে শাহবাগ থানায় সোপর্দ করেন। মারজিয়ার সহপাঠী মো. রায়হানুল হক প্রথম আলোকে বলেন, তাঁর সিটিস্ক্যান করা হয়েছে। বড় ধরনের কোনো আঘাত তিনি পাননি। গত ২৮ আগস্ট শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র তৌহিদুজ্জামান।