অটোরিকশার মিটার হালনাগাদ হয়নি, বেশি ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার নতুন ভাড়া নির্ধারণের এক সপ্তাহ পার হয়ে গেলেও সিএনজিচালিত অটোরিকশার মিটার হালনাগাদ করা হয়নি।অভিযোগ পাওয়া গেছে, যাত্রীদের চুক্তিতে যেতে বাধ্য করে অটোরিকশাচালকেরা নির্ধারিত ভাড়ার দ্বিগুণ পর্যন্ত আদায় করছেন। পাশাপাশি আগের মতোই স্বল্প দূরত্বে এবং সব গন্তব্যে যাচ্ছেন না চালকেরা। নতুন ভাড়ার হার কবে মিটারে প্রতিস্থাপন করা হবে, তা নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত জানুয়ারিতে এক দফা অটোরিকশার ভাড়া বাড়ানো হয়। তখন প্রায় দুই মাস সময় নিয়ে মিটারে ভাড়া প্রতিস্থাপন করা হয়।ঢাকায় প্রায় সাড়ে ১১ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। ২০০৩ সালে চালুর পর চারবার অটোরিকশার ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু কখনোই চালকেরা সরকারের বেঁধে দেওয়া ভাড়া মানেননি। মালিকেরাও সরকারের বেঁধে দেওয়া দৈনিক জমা মানেননি।গতকাল সোমবার সরেজমিনে গিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে অটোরিকশাচালকদের চুক্তিতে যাত্রী বহন করতে দেখা গেছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত আসাদগেটের কাছে আড়ংয়ের সামনে প্রায় এক ঘণ্টা অবস্থান করে অন্তত ১০ জন চালককে চুক্তিতে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। প্রায় ১৫ জন চালক যাত্রীর প্রত্যাশামতো গন্তব্যে যেতে রাজি হননি।চুক্তিতে অটোরিকশা ভাড়া করা মিরপুরের বাসিন্দা জহিরুল হক বলেন, ‘কী করব, বেশির ভাগ চালকই সোজা “না” করে দেন। যাঁরা যেতে চান, মিটারের কথা বললে তাঁরাও আর যেতে চান না। তাই বাধ্য হয়ে ১৫০ টাকায় ভাড়া করেছি।’জহিরুল হকের ভাড়া করা অটোরিকশাচালক মো. হানিফ দাবি করেন, মিটারে নতুন ভাড়া প্রতিস্থাপন করা হয়নি, তাই চুক্তিতে যাত্রী বহন করছি।’গতকাল দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফটকে কথা হয় ব্যবসায়ী মুমিনুল হকের সঙ্গে। তিনি জানান, রামপুরা যেতে অসুস্থ মেয়েকে নিয়ে তিনি প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থেকেও অটোরিকশা পাচ্ছেন না। পরে এ প্রতিবেদকের সামনেই ২০০ টাকায় একটি অটোরিকশা ঠিক করেন।গতকাল দুপুরে এই প্রতিবেদক গ্রিন রোড থেকে সেগুনবাগিচা যেতে চাইলে চালক ১০০ টাকা দাবি করেন। তারপর ৮০ টাকায় রফা হয়। চুক্তিতে যাত্রী বহন করলেও অটোরিকশার মিটার চালু ছিল। গন্তব্যে যেতে মিটারে ভাড়া উঠেছে মাত্র ৪৫ টাকা। বিকেলে সেগুনবাগিচা থেকে কারওয়ান বাজার যেতে চাইলে একাধিক চালক ১০০ বা ১২০ টাকা দাবি করেন।কয়েকজন যাত্রী অভিযোগ করেন, অটোরিকশাচালকেরা মনে হয় মিটারে যাওয়ার কথা ভুলেই গেছেন। কাছাকাছি দূরত্বে যেতে চাইলে প্রথমেই ১০০ টাকা বা তারও বেশি টাকা দাবি করেন। তারপর মাছের বাজারের মতো দরদাম শুরু হয়। আইনকানুনের কথা বলতে গেলে চালক সোজা ‘না’ বলে দেন।ঢাকা জেলা অটোরিকশা ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, সিএনজিচালিত বাস-মিনিবাসের ভাড়া সরকার গড়ে ৩০ শতাংশ বাড়িয়েছে। কিন্তু অটোরিকশার ভাড়া বাড়ানো হয়েছে মাত্র ৭ শতাংশ। তিনি অভিযোগ করেন, মালিকের দৈনিক জমা ৬০০ টাকা নির্ধারিত থাকলেও দুই পালা করে এক হাজার ২০০ টাকা আদায় করা হচ্ছে।ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়ন গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। সেখানে ইউনিয়নের নেতারা সিএনজির দাম বাড়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।