অতীতকে ধারণ করে আধুনিক নির্মাণকৌশল প্রয়োগের আহ্বান
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একবিংশ শতাব্দী হবে নগর সভ্যতার শতাব্দী। ভবিষ্যৎ প্রজন্মের স্থাপত্যকৌশল হবে সবুজ স্থাপত্যকলা। তাই স্থাপত্য-নকশা প্রণয়নের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যাতে জ্বালানির খরচ কম হয়। পরিবেশের ক্ষতি না করে সব নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার ব্র্যাক সেন্টার ইনে বাংলায় স্থাপত্যবিদ্যার অগ্রগতি ও উন্নয়নবিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড কালচার (ঢাকা) ও ইনস্টিটিউট অব সোস্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ (কলকাতা) যৌথভাবে সেমিনারের আয়োজন করে। তথ্যমন্ত্রী আরও বলেন, অতীতকে বাদ দিয়ে বর্তমান নির্মাণ করা যায় না। তাই অতীতকে ধারণ করেই আধুনিক নির্মাণকৌশল প্রয়োগ করতে হবে। অনুষ্ঠানে আলোকচিত্রের সংকলন গ্লিমপসেস অব বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন করেন মন্ত্রী। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী ছাড়াও অঙ্কন ব্যানার্জি, অরিন্দম মুখার্জি, ইশরাত আখন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি।