রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। সরকারি হিসাবে এ বছর এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ১০৪ জন, এদের মধ্যে মারা গেছে পাঁচজন। সরকারি হিসাব বলছে, ডেঙ্গুতে এর আগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ২০০৮ সালে। ওই বছরের সেপ্টেম্বর পর্যন্ত রোগীর সংখ্যা ছিল ৮১৮ জন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, বিগত বছরগুলোয় এ সময় ডেঙ্গুর প্রকোপ দেখা যায়নি। কিন্তু এ বছর বৃষ্টি বেশি হওয়ায় এখনো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কথা বলে জানা গেছে, বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এখনো ডেঙ্গু নিয়ে রোগী আসছে। হলি ফ্যামিলি হাসপাতালের সেবা বিভাগের কর্মকর্তা দীনা সরকার জানান, গতকাল হাসপাতালে ১৬ জন রোগী ভর্তি ছিল। তিনি বলেন, ‘প্রতিদিনই ডেঙ্গু জ্বর নিয়ে মানুষ আসছে।’ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, নিয়ন্ত্রণকক্ষ থেকে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের যে সংখ্যা বলা হচ্ছে, তা প্রকৃত পরিস্থিতির আংশিক চিত্র। এর বাইরেও অনেকে আক্রান্ত হয়েছে, মারাও গেছে। মাত্র ২৫টি বেসরকারি হাসপাতাল সরকারকে তথ্য দিচ্ছে। তা-ও নিয়মিত নয়। শীর্ষস্থানীয় হাসপাতালগুলোকে বারবার অনুরোধ করা হলেও তারা তথ্য দিচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হচ্ছে, জুন থেকে গতকাল সোমবার পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, হলি ফ্যামিলি হাসপাতালে দুজন ও ল্যাবএইড হাসপাতালে একজন মারা গেছে। এর বাইরে নগরের একটি শীর্ষস্থানীয় হাসপাতালে মুসাররাত বিনতে আলম নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। করণীয় সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ বলেন, ডেঙ্গুর প্রধান উপসর্গ হলো প্রচণ্ড জ্বর ও সারা শরীরে ব্যথা। এ অবস্থায় দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পরামর্শ অনুযায়ী পরীক্ষা করতে হবে। রোগীকে প্রচুর পানি ও ফলের রস খেতে হবে।স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু মশাবাহিত রোগ হওয়ায় মশা নিয়ন্ত্রণ করা খুব জরুরি। রাস্তাঘাটে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি। পাশাপাশি প্রত্যেককে নিজের বাড়িঘর পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ফুলের টব, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ও ফ্রিজের পানি যেন কোথাও জমে না থাকে, নগরবাসীকে তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন তাঁরা।এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, তাঁরা নিয়মিত মশা মারছেন। তবে জনবলের সংকট প্রবল। প্রায় দেড় কোটি মানুষের শহরে ৬০০ জন কর্মী দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না। তিনি বলেন, ‘এঁদের অর্ধেকেরই বয়স এমন যে মশার যন্ত্র বহন করতে পারেন না।’