অধিকাংশ দেশেই পরিবারে নারী নির্যাতনকে স্বাভাবিক ভাবা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফররত জাতিসংঘের নারী নির্যাতন প্রতি-রোধবিষয়ক বিশেষ র‌্যাপোর্টার রাশিদা মানজু বলেছেন, কোনো দেশের ৫০ শতাংশ (নারী ও মেয়েশিশু) জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালানো হলে সেই দেশে শান্তি আশা করা যায় না।রাশিদা মানজুর মতে, সমাজের অন্যান্য সহিংসতার চূড়ান্ত রূপ হচ্ছে নারী হত্যা। নারী নির্যাতন প্রতিরোধে সরকারকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে এবং এ ক্ষেত্রে সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকাও জরুরি।গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ বক্তৃতায় রাশিদা এসব কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট হলে বক্তৃতায় রাশিদা বলেন, নারী নির্যাতনের বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখতে হবে। নারীর প্রতি নির্যাতন শুধু পুরুষ নয়, নারীরাও করে থাকে। এ বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের নির্যাতনের কাঠামোগত দিক চিহ্নিত করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্লাস্টের চেয়ারম্যান ড. কামাল হোসেন বলেন, বাংলাদেশে একদিকে মৌলবাদীদের উত্থান ঘটেছে, অন্যদিকে ১৯৭১-এর মানবতাবিরোধীদের বিচারে নারীরা সক্রিয় অবস্থান নিয়েছে। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান শাহানাজ হুদা। সভাপতিত্ব করেন গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা। রাশিদা মানজু প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন। নয় দিনব্যাপী সফরে তিনি নারীনেত্রী, শ্রমিক প্রতিনিধি, যৌন কর্মী, অভিবাসী শ্রমিকদের নিয়ে কর্মরত প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি বিশেষ র‌্যাপোর্টিয়ারের দায়িত্ব পালন করবেন আগামী ২০১৫ সাল পর্যন্ত। বক্তৃতায় রাশিদা বলেন, এখনো বিশ্বের বেশির ভাগ দেশ পারিবারিক পর্যায়ে নারী নির্যাতনকে স্বাভাবিক বিষয় হিসেবে মনে করছে, যা খুবই ভয়াবহ। কেননা এতে করে এ ধরনের নির্যাতনকে সামাজিকভাবেই স্বীকৃতি দেওয়া হচ্ছে। ফলে নির্যাতকদের কোনো ধরনের জবাবদিহি করতে হচ্ছে না। আইনি সহায়তা পেতে নারীদের হিমশিম খেতে হচ্ছে।রাশিদা দক্ষিণ আফ্রিকার নাগরিক। জাতিসংঘের এ বিশেষ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন। তিনি দক্ষিণ আফ্রিকায় কমিশন অন জেন্ডার ইক্যুয়ালিটির সাবেক সংসদীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।