ক্ষমতাসীন দল নির্বাচনী ইশতেহারে ১৯৯৭ সালের জাতীয় নারী উন্নয়ন নীতিটি পুনর্বহালের অঙ্গীকার করেছিল। ক্ষমতাসীন হওয়ার পর দেড় বছরের পার হলেও নীতিটি পুনর্বহালের নজির দেখা যাচ্ছে না। নীতিটি পুনর্বহালের দাবিতে নারী অধিকারকর্মীদের আন্দোলন শুরু করতে হবে। গতকাল বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে ম্যাপিং উইমেনস এমপাওয়ারমেন্ট: এক্সপেরিয়েনসেস ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন। ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিডিআই) এই অনুষ্ঠানের আয়োজন করে।নারীর ক্ষমতায়নের সহায়ক ও প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হয়েছে বইটিতে। বিডিআইয়ের গবেষণা প্রকল্পের গবেষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিরদৌস আজীম এবং প্রকল্পের সমন্বয়কারী মাহীন সুলতান বইটি সম্পাদনা করেছেন। বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।বইটির মোড়ক উন্মোচন করেন ব্র্যাক পরিচালনা পর্ষদের সদস্য তাহরুন্নেসা আবদুল্লাহ। বইটি ও নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনুন নাহার, ইউপিএলের পরিচালক মহিউদ্দীন আহমেদ, বিআইডির পরিচালক সৈয়দ এম হাশেমী। মুক্ত আলোচনায় উইমেন ফর উইমেনের প্রেসিডেন্ট সালমা খান বলেন, নারীর ক্ষমতায়নের একটি সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। অনুষ্ঠানের সঞ্চালক হামিদা হোসেন বলেন, দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী নারী। কিন্তু পিতৃতান্ত্রিক রাজনৈতিক পরিমণ্ডলে এই নারীরা কতটুকু কথা বলার সুযোগ পাচ্ছেন, তা বিবেচনার বিষয়।