অধ্যাপক আবদুর রাজ্জাক ছিলেন জ্ঞানের উৎপাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক আবদুর রাজ্জাকের মধ্যে কোনো লোভ-মোহ ছিল না। তিনি ছিলেন সময় থেকে অনেক এগিয়ে। তাঁর জ্ঞানের পরিধি ছিল ব্যাপক, কিন্তু বাইরে থেকে মনে হতো কিছুই বুঝতেন না। তিনি ছিলেন জ্ঞানের উৎপাদক।গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জ্ঞানতাপস অধ্যাপক আবদুর রাজ্জাক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। আবদুর রাজ্জাকের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ঢাকা ইউনিভার্সিটি রিডিং ক্লাব’ এ স্মরণসভার আয়োজন করে।অনুষ্ঠানে অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, অধ্যাপক রাজ্জাকের জ্ঞানের গভীরতা এত বেশি ছিল, তিনি যেকোনো বিষয়ে বিস্তারিত বলতে পারতেন। কেউ কিছু জানতে চাইলে সে বিষয়ে সম্ভাব্য সব বই হাতে তুলে দিতেন। তিনি শুধু পড়াতেন না, পড়ার আগ্রহও তৈরি করতেন।সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, আবদুর রাজ্জাক প্রচলিত ধ্যানধারণাকে সব সময় অতিক্রম করে গেছেন। যা জানতেন, তার বিষয়ে প্রশ্ন করতেন, পাল্টে দিতেন বাস্তবতার নিরিখে। সরাসরি ছাত্র না হলেও সবাই তাঁকে শিক্ষক হিসেবেই মানতেন। অধ্যাপক রওনক জাহান বলেন, ‘বস্তুগত কোনো বিষয়ের প্রতি স্যারের মোহ ছিল না। জ্ঞান সৃষ্টি ও বিতরণেই তাঁর আগ্রহ ছিল অত্যন্ত গভীর। তিনি যে মানের শিক্ষক ও মানুষ ছিলেন, তেমন কেউ বর্তমান সময়ে আছেন কি না, জানি না।’সলিমুল্লাহ খান বলেন, ‘অধ্যাপক রাজ্জাকের চিন্তা ও কাজ নিয়ে আমাদের কাজ করার অনেক সুযোগ আছে।’ আলোকচিত্রী নাসির আলী মামুন তাঁর স্মৃতিচারণায় বলেন, ‘ছবি তুলতে বিভিন্ন সময়ে তাঁর কাছে গিয়েছি। প্রতিবারই আলোকচিত্র নিয়ে বিভিন্ন জ্ঞানগর্ভ আলোচনা করতেন।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অধ্যাপক এ কে এম নূর-উন-নবী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।