অধ্যাপক তাজমেরীর মুক্তির দাবি ইউট্যাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তাজমেরী এস এ ইসলামের মুক্তির দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ইউট্যাব এ দাবি জানায়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় অধ্যাপক তাজমেরীর মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘স্বজন হারানোর জন্য প্রধানমন্ত্রীকে প্রায়ই টেলিভিশনে কান্না করতে দেখি। কথায় কথায় যাঁর চোখ দিয়ে পানি বের হয়, তিনি কীভাবে একই চোখ দিয়ে অন্যের নিপীড়ন, নির্যাতনের নির্দেশ দেন। তাজমেরী একজন শিক্ষক, তার বাইরে তাঁকে কোনো কিছু মনে হয়নি।’ এমন একজন মানুষকে কোন যুক্তিতে কারাগারে পাঠানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন রিজভী।

ইউট্যাবের মহাসচিব অধ্যাপক মো. মোর্শেদ হাসান খানের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক মো. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ‘অধ্যাপক তাজমেরীর গ্রেপ্তারে আমরা অত্যন্ত লজ্জিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্বনামধন্য অধ্যাপক ও বিজ্ঞানী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ডিনও ছিলেন তিনি। এমন একজন নারীকে কারাগারে পাঠানো হয়েছে।’

সরকার বুদ্ধিজীবীদের নিধনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন ওবায়দুল ইসলাম। তিনি বলেন, বুদ্ধিজীবী নিধন করে, গণতন্ত্র নিধন করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না। অধ্যাপক তাজমেরীকে গ্রেপ্তারের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় নীরব থাকায় এর সমালোচনা করেন তিনি।

২০১৮ সালে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা নাশকতার এক মামলায় গত বৃহস্পতিবার অধ্যাপক তাজমেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মামলায় বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।