জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম বাংলাদেশের চিকিৎসাশাস্ত্রের অন্যতম পথিকৃৎ। স্বাধীনতার পর এ দেশের চিকিৎসাশাস্ত্রের হাল যাঁরা ধরেছিলেন, তাঁদের মধ্যে তাঁর অবস্থান ছিল প্রথম সারিতে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করে গেছেন। তাই তিনি বেঁচে থাকবেন কাজের মধ্য দিয়ে। অধ্যাপক নুরুল ইসলামের স্মরণসভায় গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেছেন। ঢাকা মেডিকেল কলেজে এ স্মরণসভার আয়োজন করে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এবং অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব বাংলাদেশ।অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী দীন মোহাম্মদ বলেন, দেশের চিকিৎসাশাস্ত্রের উন্নয়নে নুরুল ইসলাম নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন মৃদুভাষী। বাইরে থেকে তাঁকে কঠিন মনে হলেও প্রকৃতপক্ষে তিনি ছিলেন এর বিপরীত। তাঁর সব কাজেই নিষ্ঠা এবং আদর্শের ছাপ পাওয়া যেত।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান বলেন, ‘আমি খুব কাছে থেকে তাঁকে দেখেছি। তিনিই প্রথম তামাকবিরোধী আন্দোলন শুরু করেছিলেন। করেছিলেন জাতীয় ওষুধ নীতি প্রণয়নসহ আরও অনেক কিছু।’ অনুষ্ঠানে জ্যেষ্ঠ চিকিৎসকদের মধ্যে বক্তব্য দেন শেখ নেছারউদ্দিন, আবুল কাসেম খন্দকার, এ কে ফজলুল হক, কানিজ মাওলা, গোলাম কিবরিয়া খান, এ কে এম রফিকউদ্দিন, এইচ এ এম নাজমুল আহসান, সৈয়দ আতিকুল হক প্রমুখ।অধ্যাপক নুরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন অধ্যাপক কাজী তারিকুল ইসলাম।