অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলার অভিযোগে অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক রতন সিদ্দিকীর রাজধানীর উত্তরার বাসায় হামলার অভিযোগে তাঁর স্ত্রী ফাহমিদা হক মামলা করেছেন। শুক্রবার গভীর রাতে ২০০-৩০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন তিনি।
মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস। তিনি বলেন, হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে রতন সিদ্দিকীর গাড়ি ভাঙচুর ও নারীর প্রতি অশ্লীল আচরণের অভিযোগে মামলাটি করা হয়েছে।
হামলার বিষয়ে অধ্যাপক রতন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, তাঁর বাসার সামনের রাস্তার পাশে একটি মসজিদ আছে। শুক্রবার দুপুরে নামাজের সময় স্ত্রীকে নিয়ে গাড়িতে করে বাসায় ফিরছিলেন। এ সময় রাস্তায় পার্ক করা একটি মোটরসাইকেলের জন্য গাড়ি বাসার ভেতরে নেওয়া যাচ্ছিল না। তখন মোটরসাইকেল সরাতে তাঁদের গাড়িচালক হর্ন দেন। এরপর কয়েকজন হর্ন দেওয়া নিয়ে তর্ক শুরু করেন। এক পর্যায়ে এক ব্যক্তি ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তোলেন। ওই ব্যক্তি এই কথা বলে মসজিদের মুসল্লিদের ক্ষিপ্ত করে তোলেন।
তাঁর স্ত্রীর সঙ্গেও দুর্ব্যবহার করা হয় উল্লেখ করে রতন সিদ্দিকী বলেন, পরিস্থিতি বেগতিক দেখে গ্যারেজে গাড়ি ঢুকিয়ে বাসার গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। এ সময় অনেক লোক এসে তাঁর বাসার তালা ভাঙার চেষ্টা করে। পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি শান্ত করে।
পুলিশের ভাষ্য, রতন সিদ্দিকীর বাসার সামনে একটি মোটরসাইকেল পার্ক করা ছিল। যিনি মোটরসাইকেল রেখেছিলেন, তিনি নামাজ পড়ছিলেন। এ সময় রতন সিদ্দিকীর গাড়ির চালক মোটরসাইকেল সরাতে হর্ন দেন। এ নিয়ে নামাজ শেষে দু-একজনের তর্কাতর্কি হয়। পরে কিছু লোক বাসায় সামনে হট্টগোল করেছে।