অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার পেলেন ১০ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১২ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় ভালো ফল করা ১০ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে। গতকাল সোমবার আরসি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁদের হাতে পুরস্কারের চেক তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মো. জাহিদুল ইসলাম সরকার, মেহনাজ হক, নূর-ই-মকবুল, মো. জুয়েল মিয়া, শারমিন আহমেদ, ফারজানা রশিদ রুমানা, আছমা উল হুসনা, মামুন অর রশিদ, ডিএম তৌহিদুল আলম এবং তানিয়া মুন। অনুষ্ঠানে বেলাশেষে আধুনিকতাবাদী সাহিত্য শীর্ষক ‘অধ্যাপক সিতারা পারভীন স্মারক বক্তৃতা’ দেন সাংবাদিক জাকারিয়া শিরাজী। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক অধ্যাপক সিতারা পারভীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন। বিভাগের চেয়ারপারসন আখতার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী।অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।