ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের অননুমোদিত হোর্ডিং, পোস্টার, ব্যানার, তোরণ, দেয়াললিখন ও প্রচারণাসংক্রান্ত অন্যান্য প্রদর্শনী ও নির্মাণকাজ ১০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণের প্রশাসক এবং মহানগর পুলিশ কমিশনারকে এ নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এ নির্দেশনার পাশাপাশি রুলও জারি করেন।জনগণের ও ব্যক্তিগত সম্পদের ওপর দৃশ্যদূষণকারী এ ধরনের প্রচারণা রোধ ও নিয়ন্ত্রণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, পরিবেশ ও বন সচিবসহ সাত বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গত বৃহস্পতিবার জনস্বার্থে রিট আবেদনটি করে। গতকাল বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াহিয়া জামান।পরে ইকবাল কবির প্রথম আলোকে বলেন, ডিসিসি নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের অননুমোদিত স্থানে নির্বাচনী প্রচারণা সংশ্লিষ্ট আইন এবং মহানগর পুলিশ আইনের পরিপন্থী। এ ধরনের প্রদর্শনী ও প্রচারণাসংক্রান্ত দ্রব্য ১০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত। রুলও জারি করা হয়েছে।রিটে বলা হয়, ডিসিসি নির্বাচন সামনে রেখে প্রার্থী হতে প্রত্যাশীদের নামে পোস্টার, ফেস্টুন, ব্যানার ও দেয়াললিখনে ছেয়ে গেছে রাজধানী। নির্বিচারে এ ধরনের পোস্টার ও দেয়াললিখনে নগরের সৌন্দর্যহানি হচ্ছে। এতে সম্পত্তি বিনষ্ট ও পরিবেশের ক্ষতি হচ্ছে। বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ করে প্রচারণা চালানো হচ্ছে, যা দৃশ্যদূষণের সৃষ্টি করছে। এতে দেশে যত্রতত্র দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিষিদ্ধ করে সম্প্রতি ‘দেয়াললিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন, ২০১২ বিল’ সংসদে পাস হওয়ার কথাও উল্লেখ করা হয়। ওই বিলে কেবল স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে শর্তসাপেক্ষে ও নির্ধারিত ফি দিয়ে পোস্টার ও দেয়াললিখনের অনুমতি থাকার কথা বলা হয়েছে।