অনন্যসাধারণ মেধা অন্বেষণ করবে শিক্ষা মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে অনন্যসাধারণ মেধা অন্বেষণ করবে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য ‘সৃজনশীল মেধা অন্বেষণ নীতিমালা-২০১২’ প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।গতকাল রোববার এই নীতিমালা জারি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।নীতিমালা অনুযায়ী প্রতিবছর তৃণমূল থেকে বিভাগীয় পর্যায়ে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে ‘অসাধারণ’ মেধাসম্পন্ন শিক্ষার্থী বাছাই করা হবে। ভাষা ও সাহিত্য (বাংলা, ইংরেজি), বিজ্ঞান (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান), গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ শিক্ষা (ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান)—এই চারটি বিষয় শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা অন্বেষণের ক্ষেত্র হিসেবে বিবেচিত হবে।মেধা অন্বেষণ করে তাদের ‘জাতীয় মেধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং উৎসাহ প্রদানে এককালীন বিশেষ বৃত্তি দেওয়া হবে। প্রতিবছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই মেধা প্রতিযোগিতা শেষ করা হবে। এ সময়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একটি পঞ্জিকা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়কে দেবে। বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতা শেষে চূড়ান্তভাবে ১২ জনকে ‘বছরের সেরা মেধাবী’ হিসেবে পুরস্কার দেওয়া হবে।উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলায় জেলা প্রশাসক, বিভাগে বিভাগীয় কমিশনার ও ঢাকা মহানগর এলাকায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে চারটি কমিটি শিক্ষার্থী বাছাইয়ের কাজ করবে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের জন্য শিক্ষাসচিবের নেতৃত্বে ৩৭ সদস্যের একটি জাতীয় স্টিয়ারিং কমিটি কাজ করবে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (মাধ্যমিক) নেতৃত্বে বাজেট, দরপত্র ও অর্থ কমিটি কাজ করবে।