অনলাইন আয়োজনে শেষ হলো ১১তম ফিজিক্স অলিম্পিয়াড
দিনভর ছিল না কোনো বিশেষ আয়োজন। ছিল না ফিজিক্স নিয়ে শিক্ষার্থীদের হইহুল্লোড়, বিজয়ী হয়ে মাঠ কাঁপানো দৌড় বা আনন্দ উদ্যাপন। করোনাকালের ১১তম জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডের শুরুটা হয়েছিল অনলাইনে। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার বেলা ১১টায় সমাপনী অনুষ্ঠানও হয়ে গেল অনলাইনে।
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২১ এর সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ফিজিক্স অলিম্পিয়াড আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ফিজিক্সের বিভিন্ন আবিষ্কার দৈনন্দিন জীবনকে অনেক আধুনিক করেছে। শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন অলিম্পিয়াড নিয়ে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশে একদিন বিশ্বমানের গবেষণাগার তৈরি হবে এবং জ্ঞান-বিজ্ঞানে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক এম আরশাদ মোমেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ফারসিম মান্নান মোহাম্মদী, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও আব্দুল কাইয়ুম এবং প্রথম আলোর যুব কার্যক্রম ও ইভেন্ট বিভাগের প্রধান মুনির হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিজিক্স অলিম্পিয়াড কমিটি সাধারণ সম্পাদক এফ এ জাহাঙ্গীর মাসুদ।
চলতি বছরের ২০ মার্চ থেকে অনলাইনে ফিজিক্স অলিম্পিয়াডের নিবন্ধন শুরু হয়। এতে ৯ হাজার ৮০০ শিক্ষার্থী নিবন্ধন করে। ২৮ এপ্রিল প্রথম অনলাইন বাছাই পরীক্ষা নেওয়া হয়। এর মধ্য থেকে ২ হাজার ৯০০ জন আঞ্চলিক পর্বের জন্য নির্বাচিত হয়। অনলাইনে ৪ মে আঞ্চলিক ফিজিক্স উৎসবে ১ হাজার ১৬৪ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। ১২ মে অনুষ্ঠিত হয় জাতীয় উৎসব। সেখানে চূড়ান্তভাবে ৯৫ জনকে নির্বাচিত হয়। বিজয়ীদের মধ্যে এ ক্যাটাগরিতে ২০ জন, বি ক্যাটাগরিতে ৪২ জন ও সি ক্যাটাগরিতে বিজয়ী ৩৩ জন আছে।
এ বছর ৫১তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত হবে। জাতীয় পর্বের নির্বাচিতদের মধ্য থেকে পাঁচজনের একটি দল গঠন করা হবে। এই দল ৫১তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।