অনলাইনে পশু কিনলে হাসিল লাগবে না: মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিজিটাল হাট থেকে অনলাইনে পশু কিনলে হাসিল বাবদ কোনো টাকা দেওয়া লাগবে না। আজ রোববার ‘ডিএনসিসি পশুর হাটের’ উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ ঘোষণা দেন।
ডিএনসিসির ডিজিটাল এই পশুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। সকালে অনুষ্ঠিত এক জুম আলোচনাসভার মাধ্যমে মন্ত্রী এ হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী হাট থেকে একটি দেশি ষাঁড় কিনে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী প্রবণতা মারাত্মকভাবে লক্ষ করা যাচ্ছে। এর মধ্যেই আমাদের মুসলমানদের অত্যন্ত ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। এই ঈদে পশু কোরবানি দেওয়া হয়। পশু কেনাবেচা আবহমানকাল থেকেই হয়। গত বছর মহামারির সময়েও হাটে পশু কেনাবেচা হয়েছে। গতবার থেকে সিটি করপোরেশন, বিভিন্ন প্রতিষ্ঠান ডিজিটালি কেনাবেচার চেষ্টা হয়েছে। কিছু সফলতাও এসেছে। তথ্য অনুযায়ী প্রায় এক কোটি পশু গত বছর কোরবানি হয়েছে। তাই কোরবানির পশু ডিজিটালি কেনাবেচা করা গেলে মানুষের সমাগম এড়ানো যাবে। কারণ, যত বেশি সমাগম হবে, তত বেশি সংক্রমণ হবে। সংক্রমণ থেকে বাঁচতে হলে যাতে সমাগম না হয়, এ বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমি শুধু ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কথাটি বলছি না। আমি স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে দেশে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতৃত্ব দিই। সেই হিসাবে বলতে চাই, স্থানীয় পর্যায়ে সবাইকে এ উদ্যোগ নিতে হবে, যাতে অনলাইনে, ডিজিটালি পশু নিরাপদে কেনাবেচা করা যায়।’
গণমাধ্যমের মাধ্যমে ডিজিটাল হাটের বিষয়ে মানুষকে উৎসাহিত করতে বেশি করে প্রচার চালানোর জন্য মন্ত্রী হাট থেকে একটি গরু কিনে ডিজিটাল হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
করোনার কারণে স্বাস্থ্যগত নিরাপত্তার কথা চিন্তা করে গত বছরের মতো এবারও অনলাইনে ডিজিটাল কোরবানির হাটের আয়োজন করা হয়েছে। ঢাকা সিটি করপোরেশন, ই-কমার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের যৌথ ব্যবস্থাপনায় ও বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি ডিভিশন এবং এটুআইয়ের সার্বিক তত্ত্বাবধানে এই হাট বসছে। ডিজিটাল কোরবানির হাটের ঠিকানা www.digitalhaat.net। এই মার্কেট প্লেসের মাধ্যমে কোরবানির পশু কেনা যাবে।
অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, এবার ডিজিটাল হাটের মাধ্যমে এক লাখ গরু কেনাবেচার টার্গেট রয়েছে। যাঁরা পশু কিনবেন, সেসব গ্রাহক কসাইও বুকিং দিতে পারবেন। এ ছাড়া ডিএনসিসির ২৫টি ফ্রিজার ভ্যানে ক্রেতাদের মাংস নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, ডিজিটাল হাট থেকে পশুর হাটে কেমন গরু আছে, সেটা লাইভ করে দেখানো হবে। এর মাধ্যমেও গরু কিনতে পারবেন। তাতে হাটে যাওয়ার প্রয়োজন হবে না। এ ক্ষেত্রে গরুর স্বাস্থ্যগত নিরাপত্তাসহ যাবতীয় বিষয় নিশ্চিত করা হবে। গ্রাহকের কোনো ভোগান্তি হবে না।
করোনা পরিস্থিতিতে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ‘আমরা সবাই ঘরে থাকি, সুরক্ষিত থাকি। আর যদি কেউ হাটে আসি, তাহলে যেন মাস্ক পরে আসি। শারীরিক দূরত্ব মেনে, স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি আবদুল ওয়াহেদ ও বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন।