অনিরাময়যোগ্য অন্ধত্বের প্রধান কারণ গ্লোকমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব গ্লোকমা সপ্তাহ-২০২০ উপলক্ষে রাজধানীর উত্তরায় শোভাযাত্রা বের করা হয়। ছবি: সংগৃহীত
বিশ্ব গ্লোকমা সপ্তাহ-২০২০ উপলক্ষে রাজধানীর উত্তরায় শোভাযাত্রা বের করা হয়। ছবি: সংগৃহীত

অনিরাময়যোগ্য অন্ধত্বের প্রধান কারণ হলো গ্লোকমা রোগ। দেশের প্রায় ৩ শতাংশ মানুষ গ্লোকমা রোগে আক্রান্ত। বিশ্ব গ্লোকমা সপ্তাহ-২০২০ উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর উত্তরায় ঢাকা আই কেয়ার হসপিটালে আয়োজিত সেমিনারে চক্ষু বিশেষজ্ঞরা এ কথা বলেন।

দিনব্যাপী হাসপাতালটিতে শ–খানেক ব্যক্তির চোখ ও গ্লোকমার বিনা মূল্যে পরীক্ষা করা হয়। ৮ মার্চ থেকে শুরু হওয়া গ্লোকমা সপ্তাহ ১৪ মার্চ শেষ হবে।

সেমিনারে গ্লোকমা রোগ ও তা প্রতিরোধে মূল প্রবন্ধ পাঠ করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগের প্রধান হারুন-উর-রশীদ। তিনি বলেন, গ্লোকমা দৃষ্টির নীরব ঘাতক। কিন্তু দেশের অনেক মানুষ জানে না তারা গ্লোকমা রোগে আক্রান্ত।

বাংলাদেশ গ্লোকমা সমিতির নেতারা বলেন, প্রাথমিক পর্যায়ে গ্লোকমা রোগ শনাক্ত এবং শুরুতেই চিকিৎসা নেওয়া গ্লোকমাজনিত অন্ধত্ব প্রতিরোধের একমাত্র উপায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আই কেয়ার হসপিটালের চেয়ারম্যান গোলাম সরওয়ার, বাংলাদেশ গ্লোকমা সমিতির সভাপতি মিজানুর রহমান, সংগঠনটির মহাসচিব সালমা পারভীন ও সাংবাদিক আবেদ খান প্রমুখ। অনুষ্ঠান শেষে গ্লোকমা রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা বের করা হয়।