জাতীয় জাদুঘরের অনিয়ম দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং প্রতিবছর বার্ষিক প্রতিবেদন দাখিলের সুপারিশ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি জাতীয় জাদুঘরের কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য সংসদীয় উপকমিটিকে দায়িত্ব দিয়েছে। গতকাল রোববার কমিটির সভায় জাতীয় জাদুঘরের প্রচুর অনিয়মের ঘটনায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে।কমিটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ফ্রান্সের গিমে জাদুঘরে প্রদর্শনীতে পাঠানো জাতীয় জাদুঘরের নিদর্শন হারানোর ঘটনা তদন্তে গঠিত সংসদীয় উপকমিটিকে আরও ১৫ দিন সময় দিয়েছে। এর আগে জাদুঘরের নিদর্শন হারানোর ঘটনা তদন্তে কমিটির সদস্য তারানা হালিমকে আহ্বায়ক এবং মমতাজ বেগম ও নিলোফার চৌধুরীকে সদস্য করে একটি উপকমিটি করা হয়েছিল।গতকাল সংসদ সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে সভায় অংশ নেন কমিটির সদস্য তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতি-বিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মনোরঞ্জন শীল, তারানা হালিম, মমতাজ বেগম, মাহফুজা মণ্ডল ও নিলোফার চৌধুরী। কমিটির সভাপতি কাজী কেরামত আলী এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, জাতীয় জাদুঘরের অনিয়ম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে।